Wednesday 17 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৬ ১১:২৯ | আপডেট: ১৭ জুন ২০২৬ ১৫:০২

সিলেট: মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন করতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে পৌঁছেছেন। এ আগমন উপলক্ষ্যে শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে দুই দফা অনুষ্ঠানের মাধ্যমে ৩০৭টি পরিবারের হাতে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ করবেন।

বুধবার (২৭ জুন) সকাল ১০টা ২১ মিনিটে তিনি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে সেখান থেকে সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দেন।

বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ জিকে গউছ, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তরা।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী । তিনি বলেন, প্রধানমন্ত্রী সিলেটে পৌঁছেছেন। তিনি সড়কপথে শ্রীমঙ্গলের পথে রয়েছেন। সেখানে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণসহ বিভিন্ন দলীয় কর্মসূচিতে অংশ নেবেন।

সফরসূচি অনুযায়ী, দুপুর ১টায় শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। এ কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবার কার্ড পাবে।

পরে প্রধানমন্ত্রী মৌলভীবাজার সদরে গিয়ে দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হবে।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই বিমানবন্দর এলাকা ও সড়কের দুপাশে নেতাকর্মীদের ভিড় দেখা যায়। নগরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম জনসভা শেষে প্রধানমন্ত্রী বিকেলে মৌলভীবাজারের দুসাই রিসোর্টে একটি দলীয় সভায় অংশগ্রহণ করবেন। সভা শেষে তিনি সিলেট হয়ে রাতে ঢাকায় ফিরে যাবেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর