Wednesday 17 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৌলভীবাজারে আসছেন প্রধানমন্ত্রী, ৩০৭ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৬ ০৯:৩৭ | আপডেট: ১৭ জুন ২০২৬ ১৪:০৮

প্রধানমন্ত্রী তারেক রহমান – ছবি: সংগৃহীত

সিলেট: চায়ের রাজধানী খ্যাত ও পর্যটন নগরী মৌলভীবাজারে দীর্ঘ ২১ বছর পর সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে ঘিরে জেলার সর্বত্র বিরাজ করছে উৎসবমুখর আবহ।

বুধবার (১৭ জুন) মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের এ আগমন। শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে দুই দফা অনুষ্ঠানের মাধ্যমে ৩০৭টি পরিবারের হাতে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ করবেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে শ্রীমঙ্গল ও মৌলভীবাজার শহরে চলছে ব্যাপক প্রস্তুতি। অনুষ্ঠানস্থল দুটি সাজিয়ে তোলা হচ্ছে নতুন আঙ্গিকে। টানা বৃষ্টির কারণে কাদাময় হয়ে পড়া মাঠে বালু ফেলে সমতল করা হচ্ছে। মঞ্চ নির্মাণ, প্রবেশপথ সংস্কার, নিরাপত্তা বেষ্টনী স্থাপন এবং সৌন্দর্যবর্ধনের কাজও দ্রুতগতিতে এগিয়ে চলছে। জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও সরকারি স্থাপনাগুলোও পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।

বিজ্ঞাপন

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী বুধবার সকাল সাড়ে ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা হবেন। সকাল ১০টা ১৫ মিনিটে সিলেটে পৌঁছে তিনি সড়কপথে শ্রীমঙ্গলে যাবেন।

দুপুর ১টায় শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। এ কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবার কার্ড পাবে।

পরে প্রধানমন্ত্রী মৌলভীবাজার সদরে গিয়ে দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হবে।

তবে আনন্দ-উচ্ছ্বাসের পাশাপাশি জেলার মানুষের মনে রয়েছে দীর্ঘদিনের কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন দাবি। দেশের অন্যতম রেমিট্যান্স ও রাজস্বসমৃদ্ধ জেলা হওয়া সত্ত্বেও অবকাঠামোগত বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরছেন সচেতন নাগরিকরা। বিশেষ করে সড়ক ও রেল যোগাযোগের আধুনিকায়ন, শমসেরনগর বিমানবন্দর চালু, একটি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণ, পর্যটন শিল্পের টেকসই বিকাশ এবং হাওর-নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জোরালোভাবে উচ্চারিত হচ্ছে।

জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেল জানান, প্রধানমন্ত্রীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্পেশাল সিকিউরিটি ফোর্সসহ সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মৌলভীবাজারের-৩ আসনে এমপি নাসের রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজার সফরে আসছেন, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে শ্রীমঙ্গল ও রাজনগরের ৩০৭টি পরিবার সরাসরি উপকৃত হবে। টিসিবির পণ্য, স্বাস্থ্য, শিক্ষা ও কৃষিতে অগ্রাধিকার পাবে তারা।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই সফর মৌলভীবাজারবাসীর দীর্ঘদিনের উন্নয়ন প্রত্যাশা পূরণের পথ সুগম করবে। মেডিকেল কলেজ, শমশেরনগর বিমানবন্দর চালুসহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবো। আমি বিশ্বাস করি, তাঁর হাত ধরেই মৌলভীবাজার আধুনিক ও সমৃদ্ধ জেলায় পরিণত হবে।

মৌলভীবাজার- ৪ আসনে এমপি আলহাজ মুজিবুর রহমান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের এ সফর মৌলভীবাজারবাসীর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে অসহায় ও নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। আমি বিশ্বাস করি, এই সফরের মাধ্যমে জেলার দীর্ঘদিনের উন্নয়ন প্রত্যাশাগুলোর বাস্তবায়নের পথ আরও সুগম হবে।

এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থাগুলোর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর আসা-যাওয়ার পথ সিলেট- ফেঞ্চুগঞ্জ-রাজনগর সড়কের ফেঞ্চুগঞ্জ এলাকা থেকে শ্রীমঙ্গল পর্যন্ত প্রায় ৫৫ কিলোমিটার সড়কের দুই পাশের ঝোপঝাড়, আগাছা পরিস্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। ব্রিজের রেলিং ও জেব্রাক্রসিংগুলোতে নতুন করে রং করা হচ্ছে। সড়কের ভাঙাচোরা অংশ, গর্ত মেরামত করা হচ্ছে।

সফরসূচি অনুযায়ী, ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম জনসভা শেষে প্রধানমন্ত্রী বিকেলে মৌলভীবাজারের দুসাই রিসোর্টে একটি দলীয় সভায় অংশগ্রহণ করবেন। সভা শেষে তিনি সিলেট হয়ে রাতে ঢাকায় ফিরে যাবেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকালে জেলার শেরপুরে আয়োজিত জনসভায় তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছিলেন, জনগণের সমর্থনে নির্বাচিত হলে তিনি আবারও মৌলভীবাজারে ফিরবেন। স্থানীয়রা মনে করছেন, সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হিসেবেই তাঁর এবারের সফর বিশেষ তাৎপর্য বহন করছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর