Sunday 14 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ দাবিতে ইসলামী ব্যাংকের সামনে গ্রাহকদের অবস্থান অব্যাহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২৬ ১৩:৫৬

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ঘিরে চলমান পরিস্থিতিতে গ্রাহক ও আমানতকারীদের একটি অংশ আজ রোববার (১৪ জুন) রাজধানীর মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। কর্মসূচি থেকে তারা সাত দফা দাবি পুনর্ব্যক্ত করেন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন।

সকাল ১০টার দিকে দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে এই কর্মসূচি শুরু হয়। এতে শতাধিক গ্রাহক ও আমানতকারী অংশ নেন।

কর্মসূচিতে অংশ নেওয়া গ্রাহকেরা বলেন, দেশের অন্যতম বৃহৎ বেসরকারি ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা শুধু আমানতকারীদের জন্য নয়, সামগ্রিক অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ। দীর্ঘদিনের আস্থার জায়গা হিসেবে ব্যাংকটির সুরক্ষা ও স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন।

বিজ্ঞাপন

একজন আমানতকারী বলেন, শরিয়াহভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার কারণে বিপুলসংখ্যক গ্রাহক ইসলামী ব্যাংকের ওপর নির্ভরশীল। ব্যাংকটির কোনো ধরনের অস্থিতিশীলতা আমানতকারীদের স্বার্থকে ঝুঁকির মুখে ফেলতে পারে।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, পরিচালনা পর্ষদে সাম্প্রতিক পরিবর্তন এবং নতুন চেয়ারম্যান নিয়োগের পর গ্রাহক ও শেয়ারধারীদের একটি অংশের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এসব বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত এবং গ্রাহকদের স্বার্থ সংরক্ষণের দাবি জানান তারা।

এর আগে শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’ সাত দফা দাবি ঘোষণা করে। সংগঠনটির আহ্বায়ক নুর উন-নবী বলেন, গ্রাহকদের আমানতের নিরাপত্তা ও ব্যাংকের স্থিতিশীলতা রক্ষার স্বার্থে তাঁরা ধারাবাহিক কর্মসূচি পালন করছেন।

ফোরামের দাবির মধ্যে রয়েছে—বর্তমান চেয়ারম্যানকে অপসারণ করে ইসলামী ব্যাংকিং বিষয়ে অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিকে দায়িত্ব দেওয়া, মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, প্রকৃত মালিকদের অধিকার নিশ্চিত করা এবং ব্যাংক খাতে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে বিশেষ ট্রাইব্যুনাল গঠন।

এ ছাড়া ইসলামী ব্যাংকগুলোতে স্থিতিশীলতা বজায় রাখতে বিতর্কিত সিদ্ধান্ত থেকে বিরত থাকা, অপপ্রচার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া, বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনা এবং ব্যাংকের দায় পরিশোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়।

উল্লেখ্য, গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এম জুবায়দুর রহমান পদত্যাগ করার পর একই দিনে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই ব্যাংকটিকে ঘিরে বিভিন্ন মহলে আলোচনা ও বিতর্ক শুরু হয়। এর ধারাবাহিকতায় গ্রাহকদের একটি অংশ ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করে আসছেন।

সারাবাংলা/এসএ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর