ঢাকা: ঢাকার বায়ুমান আজ শনিবার (১৩ জুন) সকালে সহনীয় পর্যায়ে রয়েছে। সকালে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ১৭তম অবস্থানে আছে। এদিন ঢাকার বায়ুর মান স্কোর ছিল ৮৪, যা সহনীয় বা মাঝারি হিসেবে বিবেচিত।
বায়ুদূষণের তালিকায় আজ বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে কঙ্গোর কিনশাসা। এছাড়া তালিকার দ্বিতীয় স্থানে উগান্ডার কামপালা, তৃতীয় স্থানে চিলির সান্তিয়াগো এবং চতুর্থ স্থানে ইসরায়েলের তেল আবিব রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুর মান স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে তা ভালো হিসেবে ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়। এছাড়া স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ পর্যন্ত খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে গণ্য করা হয়। সেই হিসেবে ৮৪ স্কোর নিয়ে ঢাকার বাতাস আজ সহনীয় বা মাঝারি পর্যায়ে রয়েছে।