Monday 24 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাজেটে জুলাইয়ের আকাঙ্ক্ষার প্রতিফলন নেই: সেলিম উদ্দিন

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৬ ১০:৪১ | আপডেট: ১২ জুন ২০২৬ ১৫:১৭

বিশ্ব রক্তদাতা দিবসকে সামনে রেখে আয়োজিত সাইকেল র‍্যালি।

ঢাকা: জুলাইয়ের গণ-আকাঙ্ক্ষার প্রতিফলন এবারের বাজেটে নেই; বরং এটি পুরোনো ধারার বাজেট বলে মন্তব্য করেছেন জামায়াত ঢাকা মহানগর উত্তরের আমির ও ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, সরকার ঋণখেলাপিদের সুবিধা দেওয়ার পথ উন্মুক্ত করেছে।

শুক্রবার (১২ জুন) সকালে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পাশে মানিক মিয়া এভিনিউয়ে বিশ্ব রক্তদাতা দিবসকে সামনে রেখে আয়োজিত সাইকেল র‍্যালির আগে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, এ বাজেট মূলত শুভঙ্করের ফাঁকি। কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে, খেলাপি ঋণগ্রহীতাদের সুবিধা দেওয়া হয়েছে। এই বাজেট তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে না।

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করেন, শিক্ষা খাতের বাজেটে রূপপুর পারমাণবিক প্রকল্পের ব্যয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রশাসনিক ও আমলাতান্ত্রিক খরচ অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব ব্যয় বাদ দিলে প্রকৃত শিক্ষা খাতে বরাদ্দ দেশের জিডিপির দেড় শতাংশেরও নিচে নেমে আসবে।

সেলিম উদ্দিন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে একটি সুস্থ ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে বলেও দাবি করেন।

রক্তদাতাদের উদ্দেশে সিটি আমির বলেন, এক ব্যাগ রক্ত একটি মানুষের জীবন বাঁচাতে পারে। মানবতার সেবায় রক্তদাতারা অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে। রক্তদান শুধু মানবসেবা নয়, এটি একটি ইবাদতও। দেশের হাসপাতালগুলোতে আধুনিক পদ্ধতিতে রক্ত সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা নেই। এ সমস্যা সমাধানে ডিজিটাল ব্লাড ডোনার নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

বক্তব্যের শেষে মোহাম্মদ সেলিম উদ্দিন তরুণদের মানবসেবা, স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড এবং দেশ গঠনের কাজে আরও সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।

পরে মোহাম্মদ সেলিম উদ্দিনের নেতৃত্বে সাইকেল র‍্যালিটি ফার্মগেট, কারওয়ান বাজার, হাতিরঝিল ও মধুবাগ এলাকা প্রদক্ষিণ করে পুনরায় মানিক মিয়া এভিনিউতে এসে শেষ হয়। আয়োজকদের দাবি, র‍্যালিতে কয়েক হাজার মানুষ অংশ নেন।

লাইফ সাইকেল বিডির পরিচালক তৌহিদুল ইসলাম রিয়াজের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা মাহফুজুর রহমান, ডা. ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত, হেমায়েত হোসেন, লাইফ সাইকেলের সহকারী পরিচালক আব্দুল মোতালেব।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর