Sunday 07 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রামিসা হত্যা মামলাসহ নারী-শিশু নির্যাতন মামলার শুনানিতে হাইকোর্টে বিশেষ বেঞ্চ

স্টাফ করেসপন্ডেট
৭ জুন ২০২৬ ১৫:৫৭ | আপডেট: ৭ জুন ২০২৬ ১৬:৪৯

হাইকোর্ট। ফাইল ছবি

ঢাকা: রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা মামলাসহ নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত ডেথ রেফারেন্স ও আপিল মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী রোববার (১৪ জুন) থেকে এ বিশেষ বেঞ্চ কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

রোববার (৭ জুন) তিনি জানান, এ বিষয়ে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর কাছে অনুরোধ জানানো হলে তিনি বিশেষ বেঞ্চ গঠনের বিষয়ে সম্মতি দেন। এ সময় সিনিয়র আইনজীবী প্রবীর নিয়োগী ও ব্যারিস্টার সালাহ উদ্দিন দোলনও এ প্রস্তাবের প্রতি সমর্থন জানান।

বিজ্ঞাপন

এর আগে একই দিনে আলোচিত রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন মামলার দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন।

নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ধারায় তাদের সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয়। পাশাপাশি সোহেল রানাকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, এ অর্থ ভুক্তভোগী রামিসার আইনগত উত্তরাধিকারীরা পাবেন।

এ ছাড়া নির্ধারিত ক্ষতিপূরণের অর্থ পরিশোধ না করলে আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে সেই অর্থ রামিসার উত্তরাধিকারীদের কাছে হস্তান্তরের নির্দেশও দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর