চট্টগ্রাম: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এ বছরের হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট অবতরণ করেছে।
বুধবার (৩ জুন) দুপুর ১২টা ৫ মিনিটে জেদ্দা থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট (BG136) ৩৭৮ জন হজযাত্রী নিয়ে বিমানবন্দরে অবতরণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহিম খলিল।
ফ্লাইটটি অবতরণের পর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর হজযাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান। এ সময় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) স্যাটোসহ অন্যান্য কর্মকর্তা, বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জেলা ব্যবস্থাপক, স্টেশন ম্যানেজার এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, ২০২৬ সালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সরাসরি হজ ফ্লাইটে ৪ হাজার ৭৪৮ জন এবং অন্যান্য ফ্লাইটে আরও ৮২৬ জনসহ মোট ৫ হাজার ৫৭৪ জন হজযাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন করেন। হজ শেষে দেশে ফেরা শুরু হওয়ায় বিমানবন্দর কর্তৃপক্ষ হজযাত্রীদের আগমন উপলক্ষ্যে প্রয়োজনীয় সেবা ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। বুধবারের এই ফ্লাইটের মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলের হজযাত্রীদের ফিরতি যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হলো।