ঢাকা: সুইজারল্যান্ড, যুক্তরাজ্য ও সিঙ্গাপুর থেকে ৫ কার্গো এলএনজি আমদানিসহ ছয়টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে ‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’।
বুধবার (৩ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অর্থ মন্ত্রণালয় জানায়, বৈঠকে জি-টু-জি-এর আওতায় সরাসরি ক্রয় পদ্ধতিতে সুইজারল্যান্ডের ‘সসার ট্রেডিং এসএ’ থেকে দুই কার্গো এলএনজি আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। তবে এতে মোট কত টাকা ব্যয় হবে- তা সুনির্দিষ্টভাবে জানানো হয়নি।
অপর একটি প্রস্তাবে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে স্পট মার্কেট থেকে ৩টি এলএনজি কার্গো (চলতি পঞ্জিকা বছরের ২৬, ২৭ ও ২৮ তম) আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সিঙ্গাপুরের ‘বিপি সিঙ্গাপুর পিটিই লিমিটেড’ থেকে ১টি এবং যুক্তরাজ্যের ‘টোটাল এনার্জি গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড’ থেকে ২ কার্গো এলএনজি আমদানি করা হবে। এতে মোট ব্যয় হবে বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ৩৭২ কোটি ২১ লাখ টাকা।
বৈঠকে বেজা কর্তৃক বাস্তবায়নাধীন চট্টগ্রামের মীরসরাইয়ে ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় ‘কনস্ট্রাকশন অব ক্যানেল ডেভেলপমেন্ট অ্যান্ড লাইনিং ইনক্লুডিং ঘাটস অ্যান্ড ওয়াকওয়ে’ নির্মাণের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সর্বনিম্ন দরদাতা হিসেবে এ কাজটি পেয়েছে ‘মনিকো লিমিটেড’। এতে ব্যয় হবে ১০৮ কোটি ৯২ লাখ টাকা।
বৈঠকে বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় নীলামারী জেলার ২৬টি এবং হবিগঞ্জ জেলার ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ নির্মাণের দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে নীলফামারী জেলার কাজটি করবে যৌথভাবে ‘বিডিই লিমিটেড’ ও ‘ওয়েস্টার্ণ ইঞ্জিনিয়ারিং (প্রাইভেট)লিমিটেড’। এতে ব্যয় হবে ১৮৬ কোটি ৪৮ লাখ ৯৫ হাজার টাকা।
অন্যদিকে হবিগঞ্জ জেলার কাজটি করবে যৌথভাবে ওয়েস্টার্ণ ইঞ্জিনিয়ারিং (প্রাইভেট) লিমিটেড’ ও ‘মেসার্স মমিনুল হক’।
এছাড়া বৈঠকে ৫০ কেজি ধারণক্ষমতা সম্পন্ন ১ কোটি পিস নতুন কাট সাইজ বি-টুইল বস্তা কেনার একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ৫০ টি প্যাকেজের আওতায় ১৬টি প্রতিষ্ঠান এসব বস্তা সরবরাহ করবে। এতে ব্যয় হবে ১২৬ কোটি ২৫ লাখ ২২ হাজার টাকা।