Wednesday 03 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে ছিনতাই: দুই আসামির ৩ দিনের রিমান্ড

স্টাফ করেসপন্ডেট
৩ জুন ২০২৬ ১৯:০৮ | আপডেট: ৩ জুন ২০২৬ ২১:৪৫

ছিনতাইয়ের সিসিটিভি ফুটেজ।

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোডে দুই নারীকে চাপাতির মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার হওয়া দুই আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৩ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. জামসেদ আলম শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন জুয়েল ওরফে সোর্স আরিফ এবং আনোয়ার হোসেন।

আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা রানা রায় আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, ঈদুল আজহার ছুটি শেষে গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফিরে বাসার সামনে দাঁড়িয়ে থাকা দুই নারীকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছ থেকে লাগেজ, মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়।

বিজ্ঞাপন

তদন্ত কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকতে পারে এবং ছিনতাই হওয়া মালামালের বেশিরভাগই এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং অন্যান্য জড়িতদের শনাক্ত করতে আসামিদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে তিনি আদালতকে জানান।

শুনানির সময় বিচারক আসামিদের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং মোহাম্মদপুর এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। এ সময় তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, ছিনতাই হওয়া লাগেজ এখনো উদ্ধার হয়নি। পরে বিচারকের প্রশ্নের জবাবে আসামিরা দাবি করেন, লাগেজটি তাদের সহযোগী আলমের কাছে রয়েছে।

অন্যদিকে আসামিদের আইনজীবী মোরশেদ হোসেন রিমান্ড আবেদন বাতিল ও জামিনের আবেদন করেন। তিনি আদালতে বলেন, আসামি আরিফ পুলিশের সোর্স হিসেবে কাজ করেন। তবে উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত জামিন আবেদন নাকচ করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত শনিবার (৩০ মে) দিবাগত রাত প্রায় ৩টার দিকে মোহাম্মদপুরের নূরজাহান রোড এলাকায় দুই নারী ছিনতাইয়ের শিকার হন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, রিকশা থেকে নামার পর চাপাতি হাতে কয়েকজন ব্যক্তি তাদের ভয়ভীতি দেখিয়ে লাগেজ, ব্যাগ ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়। পরে পুলিশ অভিযান চালিয়ে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করে।

সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর