Wednesday 03 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিসিবি নির্বাচনে কোনো আইনি বাধা নেই: হাইকোর্ট

স্টাফ করেসপন্ডেট
৩ জুন ২০২৬ ১৪:১২ | আপডেট: ৩ জুন ২০২৬ ১৬:০২

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে আগামী ৭ জুন নির্ধারিত বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠানে আর কোনো আইনি বাধা থাকছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

বুধবার (৩ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রিটের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু, অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী ও অ্যাডভোকেট শফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মাহিন এম রহমান।

বিজ্ঞাপন

এর আগে, বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে ছয়জন কাউন্সিলর মঙ্গলবার হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন।

গত ১৬ মে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচন-২০২৬ এর তফসিল প্রকাশ করে। তফসিল অনুযায়ী, আগামী ৭ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং একই দিনে ফলাফল ঘোষণা করা হবে। পরদিন ১৭ মে বিকেল ৪টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়।

নির্বাচনে সরাসরি ভোটের মাধ্যমে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত আরও দুইজন পরিচালক যুক্ত হবেন। পরে ২৫ সদস্যের পরিচালনা পর্ষদের ভোটে বিসিবির নতুন সভাপতি নির্বাচিত করা হবে।

বিসিবি নির্বাচনের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিমের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। কমিশনের অন্য দুই সদস্য হলেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক ও সহকারী সচিব এ বি এম এহসানুল মামুন।

সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর