ঢাকা: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের জনগণের সকল প্রত্যাশা পূরণ করতে সরকার বদ্ধপরিকর। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দর্শনে অনুপ্রাণিত হয়ে বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনা করছে এবং ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-ভরসা পূরণ করাই সরকারের মূল লক্ষ্য।
রোববার (৩১ মে) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “সরকারের ইশতেহার এখন কেবল বিএনপির নয়, এটি এখন জনগণের ইশতেহার। যারা এর পক্ষে রায় দিয়েছেন, তাদের সেই আশা-ভরসা আমাদের পূরণ করতে হবে। জিয়াউর রহমান যে পথনির্দেশিকা দিয়েছিলেন, সেই ধারাবাহিকতা রক্ষা করেই আমরা কর্মসূচি হাতে নিয়েছি এবং দেশ পরিচালনা করছি।”

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে বিএনপি আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান – ছবি : সংগৃহীত
তিনি বলেন, “মুক্তিযুদ্ধের পর মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, তা পূরণ হয়নি। গত ১৭ বছরে বিচার, শিক্ষা ও স্বাস্থ্যসহ গণতন্ত্রকে যেভাবে হত্যা করা হয়েছে, জাতি তার সাক্ষী। বিএনপি সরকার এক কঠিন ও গুরুত্বপূর্ণ সময়ে দায়িত্ব গ্রহণ করেছে। এই সময়ে হেসেখেলে চললে দেশ ও ভবিষ্যৎ প্রজন্মের অপূরণীয় ক্ষতি হবে।”
বিএনপি চেয়ারম্যান বলেন, “দেশে ফেরার পর মনে হয়েছে পারিবারিক শিক্ষার কিছুটা অভাব তৈরি হয়েছে। সামাজিক ও পারিবারিক মূল্যবোধ বাড়াতে সরকারের কাজ করার নির্দেশনা সংশ্লিষ্টদের দেওয়া হয়েছে।”
প্রধানমন্ত্রী আরোও বলেন, “জিয়াউর রহমানকে দিয়েই বিশ্ব বাংলাদেশকে চিনতো। বাংলাদেশ মানেই অনেকে জিয়াউর রহমানকে বুঝতো। একজন সন্তান হিসেবে এটি আমাকে গর্বিত করে।”
তারেক রহমান বলেন, “সরকার তখনই সফল হবে যখন দলের লোকজন সরকারকে সহযোগিতা করবে। শুধু মন্ত্রীরা পরিশ্রম করলেই সফলতা আসবে না। যেভাবে নির্বাচনে সহযোগিতা করে বিজয় নিশ্চিত করেছেন, ঠিক সেভাবেই সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ইশতেহার বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতা, অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরাসহ বিপুল সংখ্যক নেতাকর্মী আলোচনাসভায় উপস্থিত ছিলেন।