পাবনা: খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যক্রম শুরু করেছেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে শহিদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘শুধু দেশে নয়, আন্তর্জাতিকভাবে সাফ গেমস থেকে শুরু করে অলিম্পিকের মতো সর্ববৃহৎ আসরে বাংলাদেশের নামটি যাতে আমরা লেখাতে পারি, এটিই আমাদের লক্ষ্য।’
তিনি বলেন, ‘বাংলাদেশে এই প্রথম খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী কার্যক্রম শুরু করেছেন।’
তিনি আরও বলেন, ‘প্রত্যেক বাবা-মা তার সন্তানদেরকে পড়াশোনা করিয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বানানোর স্বপ্ন দেখেন। আপনারা খেলোয়াড় হিসেবেও নিজের সন্তানকে প্রতিষ্ঠিত করতে পারেন।’ নতুন কুড়ির মাধ্যমে খেলাধুলাকে আরো উজ্জীবিত করার লক্ষ্যে সরকার কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।
এসময় জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সেলিম রেজা হাবিব ও পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মন্ডল।
এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় সদর উপজেলা ও ঈশ্বরদী উপজেলা দল অংশগ্রহণ করে। খেলায় ঈশ্বরদী উপজেলা ৩-১ গোলে সদর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পরে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।