Monday 25 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীমান্তে বিজিবির শক্ত অবস্থান ‘সবার আগে বাংলাদেশ’ নীতির প্রতিফলন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৬ ১৭:১৪

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।

ঢাকা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, দেশের আকাশসীমা, ভূখণ্ড ও সমুদ্রসীমার সার্বিক সার্বভৌমত্ব রক্ষায় গণতান্ত্রিক সরকার দৃঢ়, আপসহীন ও সাহসী অবস্থান গ্রহণ করেছে। অত্যাধুনিক ‘গ্রাউন্ড মাস্টার-৪০০’ রাডার এখন ঢাকা থেকে ৬৫০ কিলোমিটার এবং বঙ্গোপসাগরে ৮৩৩ কিলোমিটার পর্যন্ত আকাশসীমা অতন্দ্র প্রহরীর মতো দিনরাত নজরদারিতে রাখছে। এর মাধ্যমে গভীর সমুদ্রসীমার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইটের ‘ফ্লাইং ওভার চার্জ’ থেকে উল্লেখযোগ্য রাজস্ব আহরণের সুযোগ তৈরি হয়েছে। সীমান্তে বিজিবির শক্ত ও স্বার্বভৌম অবস্থান ‘সবার আগে বাংলাদেশ’ নীতিরই বাস্তব প্রতিফলন।

বিজ্ঞাপন

সোমবার (২৫ মে) সরকারের ‘১০০ দিন পূর্তি’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুষ্ঠিত এক প্রেস কনফারেন্স মাহদী আমিন এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এস এ এম মাহফুজুর রহমান, উপ প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনিসহ প্রেস টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

মাহদী আমিন বলেন, দেশের সার্বভৌমত্ব সমুন্নত রাখা এবং সীমান্ত সুরক্ষায় ড্রোন, অ্যান্টি-ড্রোন ও মাইন ডিটেক্টর স্থাপনের মতো আধুনিক প্রযুক্তিনির্ভর সিদ্ধান্ত গৃহীত হচ্ছে। সীমান্তে বিজিবির শক্ত ও স্বার্বভৌম অবস্থান ‘সবার আগে বাংলাদেশ’ নীতিরই বাস্তব প্রতিফলন।

তিনি বলেন, ঐতিহ্যগতভাবে বিএনপি সংস্কারের ধারক এবং বাহক। বাংলাদেশের ইতিহাসে যতগুলো মৌলিক সংস্কার হয়েছে, সবগুলো কিন্তু শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় হয়েছে কিংবা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় হয়েছে। ঐতিহ্যগত সেই সংস্কারকে ধারণ করেই ২০১৬ সালে ‘ভিশন ২০৩০’ প্রণয়ন করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ২০২২ সালে ‘২৭ দফা’ প্রণয়ন করেছিলেন তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২০২৩ সালে ‘৩১ দফা’ প্রণয়ন করা হয়েছিল চূড়ান্তভাবে এবং সেই ৩১ দফাতেই কিন্তু সংস্কারের মৌলিক ভিত্তি রয়েছে। আজকের বাংলাদেশে আমরা যা কিছু নিয়ে আলোচনা করি না কেন, তার প্রায় প্রতিটিই বিএনপির সেই ৩১ দফায় রয়েছে। তারপর আমরা ‘জুলাই সনদে’ উপনীত হয়েছিলাম, যেটি গণতান্ত্রিক সব রাজনৈতিক দলের সমঝোতার ভিত্তিতে হয়েছিল।

সারাবাংলা/জিএস/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর