Monday 24 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আইভীকে নতুন করে গ্রেফতার না দেখানোর আদেশ স্থগিতে আপিল

স্টাফ করেসপন্ডেট
১৯ মে ২০২৬ ১৬:৩৬ | আপডেট: ১৯ মে ২০২৬ ১৯:১২

সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী – ছবি : সংগৃহীত

ঢাকা: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী-কে সুনির্দিষ্ট মামলা ছাড়া নতুন করে গ্রেফতার না দেখানোর বিষয়ে হাইকোর্টের দেওয়া নির্দেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

মঙ্গলবার (১৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন আইভীর আইনজীবী মো. মোতাহার হোসেন সাজু।

এর আগে ২০২৫ সালের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেফতার করা হয়। পরে বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরবর্তীতে হাইকোর্ট পাঁচটি মামলায় তাকে জামিন দিলেও রাষ্ট্রপক্ষের আবেদনের পর আপিল বিভাগ সেই জামিন স্থগিত করেন।

পরবর্তীতে আরও পাঁচটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এসব মামলায়ও আদালত জামিন দিলেও রাষ্ট্রপক্ষের আবেদনের পর সেগুলোর কার্যকারিতা স্থগিত করা হয়। সবশেষে ১০টি মামলায় দেওয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগ।

বিজ্ঞাপন

এদিকে সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর এবং ২০২৫ সালের ৩০ জুন দায়ের করা দুটি হত্যা মামলায় আইভীকে গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। এর মধ্যে একটি মামলায় ২ মার্চ এবং অন্য মামলায় ১২ এপ্রিল গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন নারায়ণগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।

পরে ওই গ্রেফতার দেখানোর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়। শুনানি শেষে গত ২৬ এপ্রিল হাইকোর্ট রুল জারি করেন। একইসঙ্গে, সুনির্দিষ্ট মামলা ছাড়া আইভীকে নতুন করে গ্রেফতার না দেখাতে এবং হয়রানি না করার নির্দেশ দেন আদালত।

হাইকোর্টের সেই নির্দেশ স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

সারাবাংলা/টিএম/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর