Sunday 17 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক প্রতিমন্ত্রী সিনহার জানাজা সম্পন্ন, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৬ ১৩:৪৪

ঢাকা: সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড অ্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন হয়েছে।

রোববার (১৭ মে) সকাল সাড়ে ১১টার পরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় ইমামতি করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র পেশ ইমাম আবু রায়হান। জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেন। এছাড়া অন্যদের মধ্যে জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন (বীর বিক্রম), ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মন্ত্রিপরিষদ বিভাগের সদস্যরা এই জানাজায় অংশ নেন। জানাজা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে একে একে জাতীয় সংসদের স্পিকার ও স্থানীয় সরকার মন্ত্রীসহ অন্য নেতারা সাবেক এই প্রতিমন্ত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

গত শুক্রবার (১৫ মে) রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি মুন্সিগঞ্জ-২ (লৌহজং-টঙ্গিবাড়ী) আসন থেকে বিএনপির মনোনয়নে ১৯৯৬ সালের সপ্তম ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন। ১৯৯৬ সালের নির্বাচনে ৫৮ হাজার ৪৫৫ ভোট এবং ২০০১ সালের নির্বাচনে ৮৩ হাজার ৬২৩ ভোট পেয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ওই দু’টি নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী নূরুল ইসলাম খান বাদল ও সাগুফতা ইয়াসমিন এমিলিকে পরাজিত করেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারে তিনি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব অত্যন্ত সফলভাবে পালন করেন। এছাড়া কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব সামলেছেন তিনি। সর্বশেষ ঘোষিত মুন্সিগঞ্জ জেলা বিএনপির কমিটিতে তাকে আহ্বায়কের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর