Saturday 16 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হামে শিশুমৃত্যু সরকারের ব্যর্থতার ফল: নাহিদ ইসলাম

স্টাফ করেসপন্ডেট
১৬ মে ২০২৬ ২১:৩০

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশে হামে আক্রান্ত হয়ে চার শতাধিক শিশুর মৃত্যু সরকারের ব্যর্থতার প্রতিফলন। সরকারের উচিত স্বাস্থ্য খাতে জরুরি অবস্থা ঘোষণা করা।

শনিবার (১৬ মে) রাজধানীর তোপখানা রোডে বিএমএ মিলনায়তনে এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার নিজেদের দায় এড়াতে অন্তর্বর্তী সরকারের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। তিনি বলেন, শুধু জনসংযোগ কৌশল দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়, জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতির বাস্তবায়ন জরুরি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বাংলাদেশকে কোনো বিদেশি শক্তির ওপর নির্ভরশীল করা হলে জনগণ তা মেনে নেবে না। বর্তমান সরকারের পররাষ্ট্রনীতি দেশের স্বার্থে পরিচালিত হবে বলে আশা প্রকাশ করলেও এ বিষয়ে এখনো স্পষ্ট অবস্থান দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।

স্বাস্থ্যখাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপি আহ্বায়ক বলেন, দেশে বড় ধরনের স্বাস্থ্য সংকট চলছে, কিন্তু সরকার কার্যকর সমাধান দিতে ব্যর্থ হচ্ছে।

পানি সংকট প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, ভারতের বিভিন্ন নদীতে বাঁধ দেওয়ার কারণে বাংলাদেশ ন্যায্য পানির হিস্যা থেকে বঞ্চিত হচ্ছে। এ বিষয়ে নতুন চুক্তির মাধ্যমে পানির ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান তিনি। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি সংসদে আলোচনা না হওয়ায়ও প্রশ্ন তোলেন।

মধ্যবর্তী নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সরকারের পারফরম্যান্সের ওপরই নির্ভর করবে এ ধরনের নির্বাচনের প্রয়োজন হবে কি না। তিনি দাবি করেন, সংস্কার কার্যক্রমে সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করেছে।

যুবকদের কর্মসংস্থান নিয়েও সমালোচনা করেন তিনি। তার ভাষ্য, ১ কোটি চাকরি সৃষ্টির প্রতিশ্রুতির বাস্তব অগ্রগতি এখনো দৃশ্যমান নয়। একই সঙ্গে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে বলেও অভিযোগ করেন তিনি।

জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল-এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে এনসিপির সাধারণ সম্পাদক আখতার হোসেন-সহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর