চাঁদপুর: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ দেশের কৃষি ও পানি ব্যবস্থাপনা উন্নয়নের অংশ হিসেবে চাঁদপুরের শাহরাস্তিতে খোর্দ্দ খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন। সেখানে এক মানবিক দৃষ্টান্তের সাক্ষী হলেন উপস্থিত হাজারো জনগণ। রাজনীতির আনুষ্ঠানিকতা ছাপিয়ে মানবিক দৃশ্যের জন্ম দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করতে গিয়ে তিনি সাধারণ এক কৃষককে নিজের পাশের চেয়ারে বসিয়ে যে আন্তরিকতার পরিচয় দেন, তা উপস্থিত মানুষের হৃদয় ছুঁয়ে যায়।
শনিবার (১৬ মে) দুপুরে শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন ও সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। সমাবেশে বক্তব্য দেওয়ার সময় একপর্যায়ে তিনি উপস্থিত কৃষক সাইফুল ইসলাম লিটনকে কাছে ডাকেন। পরে তাকে নিজের পাশের আসনে বসিয়ে তার খোঁজখবর নিলেন এবং বিভিন্ন গল্প করলেন।

হঠাৎ প্রধানমন্ত্রীর এমন আহ্বানে কিছুটা বিস্মিত হলেও পরে আবেগাপ্লুত হয়ে পড়েন কৃষক সাইফুল ইসলাম লিটন। সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে দেশের প্রধানমন্ত্রীর পাশে বসার অভিজ্ঞতা তার কাছে জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে ওঠে। তিনি বলেন, ‘জীবনে কোনোদিন ভাবিনি প্রধানমন্ত্রীর পাশে বসে কথা বলার সুযোগ হবে। তিনি খুব আন্তরিকভাবে কথা বলেছেন। এটা আমার জীবনের বড় পাওয়া।’
সমাবেশে উপস্থিত অনেকেই এ ঘটনাকে কৃষকবান্ধব রাজনীতির প্রতীক হিসেবে দেখছেন। স্থানীয়দের ভাষ্য, মাঠের মানুষের সঙ্গে এমন সহজ ও মানবিক আচরণ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে। সেখানে বক্তব্য রাখা অবস্থায়ও মঞ্চে বসা কৃষককে উদ্ধৃত করে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
খাল পুনঃখনন কার্যক্রমকে কেন্দ্র করে আয়োজিত ওই অনুষ্ঠানে কৃষি, সেচব্যবস্থা ও গ্রামীণ উন্নয়ন নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তবে পুরো আয়োজনের আনুষ্ঠানিকতার চেয়ে কৃষককে পাশে বসানোর দৃশ্যটিই উপস্থিত জনতার মাঝে সবচেয়ে বেশি আলোচনায় আসে।