ঢাকা: বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজও শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি।
শনিবার (১৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্যানুযায়ী, লাহোরের দূষণ স্কোর ৩৩৯ অর্থাৎ এখানকার বাতাস ‘দুর্যোগপূর্ণ’ অবস্থায় রয়েছে। অন্যদিকে দূষণ তালিকায় ৩৬ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশের রাজধানী ঢাকার বাতাসের মান আজও ‘মাঝারি বা সহনীয়’ পর্যায়ে রয়েছে। এদিন ঢাকার দূষণ স্কোর রেকর্ড করা হয়েছে ৬২ যা গত শুক্রবারের (১৫ মে) তুলনায় সামান্য উন্নতির লক্ষণ।
তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের দিল্লির দূষণ স্কোর ১৭৮ এবং তৃতীয় অবস্থানে থাকা ইন্দোনেশিয়ার জাকার্তার স্কোর ১৫৬। এছাড়া তালিকায় চতুর্থ থেকে সপ্তম অবস্থানে রয়েছে যথাক্রমে ফিলিপাইনের ম্যানিলা (১৫৪), চিলির সান্তিয়াগো (১২৬), উগান্ডার কাম্পালা (১২৩) এবং ইথিওপিয়ার আদ্দিস আবাবা (১১৯)। তালিকার অন্যান্য শহরের মধ্যে ৩৬ নম্বরে ঢাকা, ৩৯ নম্বরে ইরাকের বাগদাদ এবং ৪১ নম্বরে আফগানিস্তানের কাবুল অবস্থান করছে।
বায়ুমান বিশেষজ্ঞরা জানান, আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। স্কোর ৫১ থেকে ১০০ হলে বাতাসকে মাঝারি বা সহনীয় ধরা হয়। এছাড়া সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ স্কোর হলে বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়। তবে বায়ুর মান সূচক ৩০১-এর বেশি হলে তা জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ বা দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে থাকে।