Wednesday 13 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুকুক: ৫ হাজার ৯০০ কোটি টাকার বিপরীতে বিড ৭২ হাজার কোটি

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৬ ১৮:৫৮

– ছবি : প্রতীকী ও সংগৃহীত

ঢাকা: দেশের অষ্টম বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুকে ব্যাপক সাড়া মিলেছে। ৫ হাজার ৯০০ কোটি টাকার ৭ বছর মেয়াদি ইজারা সুকুকের বিপরীতে বিনিয়োগকারীরা ৭২ হাজার ৫৯৭ কোটি ৯৪ লাখ টাকার বিড জমা দিয়েছেন, যা ঘোষিত পরিমাণের প্রায় ১২ দশমিক ৩০ গুণ বেশি।

বুধবার (১৩ মে) বাংলা‌দেশ ব্যাং‌কের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে অনুষ্ঠিত নিলামে এ সাড়া পাওয়া যায়। ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (১ম সংশোধিত) (CIBRR-1)’ প্রকল্পের বিপরীতে এ সুকুক ইস্যু করা হয়।

কেন্দ্রীয় ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭ বছর মেয়াদি এ ইজারা সুকুকে বার্ষিক ১০ দশমিক ৪০ শতাংশ ভাড়া হার নির্ধারণ করা হয়েছে। শরিয়াহভিত্তিক ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানি, কনভেনশনাল ব্যাংকের ইসলামিক ব্রাঞ্চ ও উইন্ডোজ, ব্যক্তি বিনিয়োগকারী এবং বিভিন্ন প্রভিডেন্ট ফান্ড এ নিলামে অংশ নেয়।

বিজ্ঞাপন

চাহিদা অনেক বেশি হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে আনুপাতিক হারে সুকুক বরাদ্দ দেওয়া হয়েছে। ব্যক্তি বিনিয়োগকারী, প্রভিডেন্ট ফান্ড, মিউচুয়াল ফান্ড ও ডিপোজিট ইন্স্যুরেন্সসহ বিভিন্ন শ্রেণিতে মোট ১ হাজার ১১টি সফল বিডের বিপরীতে ৪৪১ কোটি ৬২ লাখ টাকার সুকুক বরাদ্দ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রথমবারের মতো তাদের নিজস্ব সফটওয়্যার ‘Shariah Securities Module (SSM)’ ব্যবহার করে এ সুকুকের নিলাম অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের মতে, সুকুক ইস্যুর মাধ্যমে সরকার শরিয়াহভিত্তিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অতিরিক্ত তারল্য উন্নয়নমূলক প্রকল্পে ব্যবহার করতে পারছে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের জন্য বিনিয়োগের বিকল্প ক্ষেত্রও তৈরি হয়েছে। ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারীদের জন্যও শরিয়াহসম্মত বিনিয়োগের সুযোগ বাড়ছে।

এ ছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের কেনা সুকুক Statutory Liquidity Reserve (SLR) হিসেবে ব্যবহার করতে পারবে। শরিয়াহভিত্তিক ব্যাংক এবং কনভেনশনাল ব্যাংকের ইসলামিক ব্রাঞ্চ ও উইন্ডোজ এসব সুকুক জামানত রেখে বাংলাদেশ ব্যাংক থেকে Islamic Banks Liquidity Facility (IBLF) সুবিধাও নিতে পারবে।

আগামী ১৪ মে থেকে শরিয়াহভিত্তিক ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানি, বীমা কোম্পানি, কনভেনশনাল ব্যাংকের ইসলামিক উইন্ডোজ এবং ব্যক্তি বিনিয়োগকারীরা সেকেন্ডারি মার্কেটে এ সুকুক ক্রয়-বিক্রয় করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংক আশা করছে, এ সুকুক ইস্যুর অর্থায়নে প্রকল্প এলাকার পল্লী অবকাঠামো উন্নয়ন ও আর্থসামাজিক অবস্থার উন্নতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর