কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় মাজারের মেলা দেখতে এসে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত নিশান (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতার নিশান উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের হিড়িমদিয়া এলাকার বাসিন্দা। ভুক্তভোগী ওই নারী বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১১ মে) রাতে দুই বছরের শিশুসন্তানকে নিয়ে মিরপুর উপজেলার পোড়াদহ এলাকা থেকে ভেড়ামারায় একটি স্থানীয় মাজারের মেলা দেখতে আসেন ওই নারী। সেখানে অভিযুক্ত নিশানের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে নিশান শিশুটিকে মাজারসংলগ্ন একটি ফাঁকা স্থানে রেখে ওই নারীকে জোরপূর্বক নিজের বাড়িতে নিয়ে যান। পরে সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
এদিকে দীর্ঘ সময় ধরে নির্জন স্থানে শিশুর কান্নার শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে রাত আনুমানিক ১টার দিকে ভুক্তভোগী নারীকে উদ্ধার করা হয়।
ঘটনার পর গতকাল মঙ্গলবার (১২ মে) দুপুরে ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে অভিযুক্ত নিশানকে গ্রেফতার করে পুলিশ।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ ব্যবস্থা নিয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’