চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজান উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় কোরবানি হাটে বিক্রির জন্য রাখা ৭টি গরু পুড়ে অঙ্গার হয়েছে।
মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত দেড়টায় রাউজান সদর মঙ্গলখালী গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সূত্র মতে, মঙ্গলবার রাতে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ৬টি বসতঘর পুড়ে ছায় হয়ে যায়। প্রতিটি ঘরের আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালংকার, নিত্য ব্যবহার্য জিনিসপত্র, খাদ্যসামগ্রী, পাঠ্যবই পুড়ে যায়। এ সময় ক্ষতিগ্রস্ত আবুল কালামের ৭টি গরু পুড়ে অঙ্গার হয়ে যায়। ক্ষতিগ্রস্তরা হলেন, আবুল কালাম, সামশুল আলম, ফজলুর রহমান, আবদুর রহমান, হাবিবুর রহমান ও আবু তাহের।
ক্ষতিগ্রস্তদের দাবি, এই অগ্নিকাণ্ডের ঘটনা অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত আবুল কালাম বলেন, কোরবানে বিক্রির জন্য প্রস্তুতকৃত ৭টি গরু পুড়ে অঙ্গার হয়েছে। একটি লুঙ্গি আর একটি গেঞ্জি ছাড়া কিছুই বের করতে পারি নাই। তিলে তিলে গড়া সবকিছু মুহূর্তেই পড়ে গেছে।
রাউজান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুলআল মামুন খান সারাবাংলাকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখা হচ্ছে।’