চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক শিশুর গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে।
বৃহস্পতিবার (৭ মে) রাত ১০টার দিকে রৌফাবাদ এলাকার শহিদ মিনার গলিতে এ ঘটনা ঘটে। জানা গেছে, নিহত হাসান রাজুর বাড়ি রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নে। তার বাবার নাম আবুল কালাম। তিনি বোনের বাসায় বেড়াতে এসে এ হামলার শিকার হন। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অন্যদিকে গুলিবিদ্ধ ১১ বছরের শিশুর নাম রেশমি আকতার। তাকে রাত ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ওয়ার্ডে ভর্তি করেন। জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে রাতে দুই পক্ষের মধ্যে গোলাগুলির এ ঘটনা ঘটে। খবর পেয়ে ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
গুলিবিদ্ধ শিশুটির বড় ভাই ফয়সাল আহম্মেদ জানান, রেশমি দোকানে যাওয়ার সময় এলাকায় হঠাৎ কয়েকজন সন্ত্রাসী গোলাগুলি শুরু করে। এ সময় একটি গুলি তার চোখে লাগে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার (ডিসি) আমিরুল ইসলাম বলেন, রৌফাবাদ শহিদ মিনার এলাকায় গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বা কারা গুলি করেছে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।