ঢাকা: সৌদি আরবে পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ২০ হাজার ৫৫৩ জন হজযাত্রী সেখানে পৌঁছেছেন। সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৫১টি ফ্লাইটে তারা সৌদি আরবে পৌঁছান।
বুধবার (২২ এপ্রিল) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক সূত্রে জানা গেছে, বুধবার রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৯টি ফ্লাইটে ৭ হাজার ৮৫৫ জন, সৌদি এয়ারলাইনসের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৫ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৬৯৩ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছান। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ২ হাজার ৮৩০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি পৌঁছেছেন ১৭ হাজার ৬৯৩ জন।
এদিকে, বছর পবিত্র হজ পালনে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত এক বাংলাদেশির মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নইম উদ্দীন মন্ডল (৭৫) নামে ওই হজযাত্রীর বাড়ি জয়পুরহাট সদর উপজেলায়।
গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ওই দিন ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদির উদ্দেশে যাত্রা করে। আগামী ২১ মে শেষ হবে এই ফ্লাইট পরিচালনা। ৩০ মে থেকে শুরু হবে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট, যা চলবে ৩০ জুন পর্যন্ত।