Monday 20 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুমের বিরুদ্ধে শক্ত আইন ও ন্যায়বিচার চায় জনগণ: রিজভী

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৬ ১৫:৫৭ | আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ১৭:২৭

– ছবি : সংগৃহীত

ঢাকা: দেশের জনগণ গুমের মতো অমানবিক কর্মকাণ্ড চিরতরে বন্ধ করতে বর্তমান প্রচলিত আইনের সীমাবদ্ধতা ও ফাঁকফোকর দূর করে একটি শক্তিশালী আইন প্রণয়নের জোর দাবি জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী ও তার ড্রাইভারের গুমের সন্ধানের দাবিতে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন।

রিজভী বলেন, দেশ বর্তমানে একটি দুঃসময় অতিক্রম করে সুসময়ের দিকে অগ্রসর হচ্ছে, তবে এই সুসময় কেবল ব্যক্তি বা নির্দিষ্ট গোষ্ঠীর জন্য সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং তা পুরো জাতির জন্য নিশ্চিত করতে হবে। তিনি উল্লেখ করেন যে, এখন অন্তত রাজনৈতিক প্রতিপক্ষকে গ্রেপ্তার, গুম বা ক্রসফায়ারের আতঙ্ক কিছুটা হ্রাস পেয়েছে, যা ইতিবাচক লক্ষণ। তবে প্রকৃত সুশাসন তখনই প্রতিষ্ঠিত হবে, যখন আইনের শাসন নিশ্চিত হবে এবং সাধারণ মানুষ যেকোনো অন্যায়ের প্রতিকারে আদালতে ন্যায়বিচার পাবে।

বিজ্ঞাপন

গুমসংক্রান্ত অধ্যাদেশের বিষয়ে সরকারের নেওয়া উদ্যোগের সমালোচনা করে তিনি বলেন, বিদ্যমান অধ্যাদেশে অনেক ঘাটতি রয়েছে। জনগণ চায় এই ফাঁকফোকরগুলো পূরণ করে সংসদে এমন কার্যকর আইন পাস করা হোক, যাতে ভবিষ্যতে কোনো সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে অদৃশ্য করার অমানবিক কৌশল ব্যবহারের সুযোগ না পায়। তিনি গুম হয়ে যাওয়া ব্যক্তিদের সন্ধানে এবং ঘটনার সঙ্গে জড়িত কর্মকর্তাদের শনাক্ত করে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সত্য উদঘাটনের জন্য সরকারের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সরকারের বিভিন্ন ডিজিটাল ও জনকল্যাণমূলক উদ্যোগ যেমন কৃষি ঋণের সুদ মওকুফ, ফ্যামিলি কার্ড ও ফার্মারস কার্ড বিতরণের প্রশংসা করলেও রিজভী সতর্ক করে বলেন, শুধু ঘোষণা দিয়ে দায়িত্ব শেষ করলে চলবে না, কাজের মাধ্যমে তার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হবে। তিনি বিশেষ করে বাজারে সিন্ডিকেট নিয়ন্ত্রণ, গ্যাস ও এলপিজির সংকট সমাধান এবং জ্বালানি তেলের সরবরাহের ক্ষেত্রে কঠোর নজরদারির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। অতীতে যারা সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ ও ক্ষমতার অপব্যবহার করেছে, তাদের কর্মকাণ্ড থেকে শিক্ষা নিয়ে বর্তমান সরকারকে অধিকতর সতর্ক হওয়ার পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু এবং উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর