ঢাকা: ফ্যাসিবাদী ও স্বৈরাচারী হয়ে ওঠার অবৈধ রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থ করতেই সরকার জুলাই সনদ নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
তিনি বলেন, তারা জুলাই সনদে স্বাক্ষর এবং গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচারণা চালালেও ক্ষমতায় যাওয়ার পর তাদের ওপর ভূতে আছর করেছে। তারা সবকিছুতেই এখন ভূতের মতো পশ্চাদমুখী।
সোমবার (২০ এপ্রিল) রাজধানীর উত্তরায় স্থানীয় একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উত্তরা পশ্চিম থানা আয়োজিত ইউনিট প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
থানা আমীর মাজহারুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি ফিরোজ আলমের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর ইঞ্জিনিয়ার গোলাম মস্তোফা এবং মহানগরী ওলামা বিভাগের সভাপতি ড. মীম আতিকুল্লাহ।
সেলিম উদ্দিন বলেন, ইসলামী আন্দোলন কোনো গতানুগতিক রাজনীতি নয় বরং আর্ত-মানবতার কল্যাণ ও মুক্তির এক আপসহীন আন্দোলন। এখানে ক্ষমতা কোন ভোগের বিষয় নয় বরং গণমানুষের অধিকার প্রতিষ্ঠার এক দৃঢ় প্রত্যয়ের নাম। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, স্বাধীনতা পরবর্তী সরকারগুলো মানুষের অধিকার প্রতিষ্ঠা ও আদর্শ রাষ্ট্র বিনির্মাণে তেমন সাফল্য দেখাতে পারেনি বরং ক্ষমতাকে আত্মপুঁজার অনুসঙ্গে পরিণত করেছিলো। জুলাই বিপ্লব আমাদেরকে নতুন করে আশার আলো দেখালেও বর্তমান ক্ষমতাসীনরা অতীতের পুরনো অশুভ বৃত্ত থেকে বেড়িয়ে আসতে পারেনি।
তিনি আরও বলেন, শুরুতেই তারা গণভোটকে অবৈধ বললেও এখন তারা এর বৈধতা স্বীকার করে নিয়েছে। তাই জুলাই সনদ বিষয়ে জনগণ কোনো টালবাহানা মেনে নেবে না বরং সরকারকে সাংবিধানিক সংস্কার ও জুলাই সদন বাস্তবায়নে বাধ্য করবে। তিনি সরকারকে গণবিরোধী অবস্থান থেকে সরে এসে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করে জুলাই সনদ বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।