ঢাকা: বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের বিদ্যমান পরিস্থিতি পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ কিছু নীতিগত সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ৯টায় জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই বৈঠকে শিক্ষা ব্যবস্থার নতুন রূপরেখা এবং বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বড় শহরগুলোর শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন এই মিশ্র পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম পরিচালনার বিষয়টিই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
সূত্রমতে জানা গেছে, আজকের এই বৈঠকে আলোচ্যসূচির প্রধান একটি অংশ জুড়ে থাকছে শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস চালুর বিষয়টি। এর আগে গত মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন যে, বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশেও অনুভূত হচ্ছে। এই সংকট মোকাবিলায় এবং যাতায়াত খাতে জ্বালানি সাশ্রয় করতে মেট্রোপলিটন এলাকাগুলোর স্কুলগুলোতে সপ্তাহে কয়েক দিন অনলাইন ও কয়েক দিন অফলাইনে ক্লাস নেওয়ার একটি প্রস্তাবনা তৈরি করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের একটি জরিপে দেখা গেছে, প্রায় ৫৫ শতাংশ অংশীজন অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনার পক্ষে মত দিয়েছেন। তবে শিক্ষার্থীদের সামাজিকীকরণের বিষয়টি বিবেচনা করে পুরোপুরি অনলাইনে না গিয়ে একটি সমন্বিত বা মিশ্র পদ্ধতি চালুর প্রস্তাব আজ মন্ত্রিসভায় পেশ করা হবে। মন্ত্রিসভার অনুমোদন পেলেই দেশের মহানগরীগুলোর শিক্ষা ব্যবস্থায় এই নতুন নিয়ম কার্যকর হবে।