ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান-এর অনুপস্থিতিতে জাতীয় সংসদের কার্যক্রম নির্বিঘ্ন রাখতে দুই মন্ত্রীর ওপর গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মঙ্গলবার (১৭ মার্চ) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদ বিষয়ক কার্যাবলি যথাযথভাবে সম্পাদনের লক্ষ্যে এই দায়িত্ব বণ্টন করা হয়েছে। এতে প্রধানমন্ত্রীর কার্যালয়-সংক্রান্ত সংসদীয় দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অন্যদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগ সম্পর্কিত সংসদীয় দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনে বিকল্প দায়িত্ব নির্ধারণের ব্যবস্থাও রাখা হয়েছে। সরকারের এ সিদ্ধান্তের ফলে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতেও জাতীয় সংসদের কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন ঘটবে না বলে সংশ্লিষ্টরা আশা করছেন।