ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষন বর্জন করে সংসদ থেকে ওয়াক আউট করেছে প্রধান বিরোধীদল জামায়াতে ইসলামীসহ অন্যান্য বিরোধীদলের সংসদ সদস্যরা।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে জেষ্ঠ্য সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। এরপর স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর ৩০ মিনিটের জন্য বিরতি দেওয়া হয়। বিরতির পর নতুন স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে দুপুর একটার সময় আবার অধিবেশন শুরু হয়।
অধিবেশন শুরু করে হাফিজ উদ্দিন আহমেদ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তাকে স্পিকার নির্বাচিত করায় সংসদের সকল সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এরপর শোক প্রস্তাব ও বিভিন্ন কমিটি গঠন করা হয়।
এদিন বিকেল ৩টা ৪০ মিনিটে স্পিকার রাষ্ট্রপতিকে ভাষণের জন্য আহ্বান জানানো হয়। রাষ্ট্রপতি সাহাবউদ্দিন যখন সংসদ কক্ষে প্রবেশ করেন তখন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধীদলের সদস্যরা সবাই ওয়াক আউট করে সংসদ অধিবেশন কক্ষ থেকে বের হয়ে যান। এ সময় স্পিকার তাদেরকে বার বার বসার অনুরোধ জানালেও তারা রাষ্ট্রপতির ভাষণ বর্জন করে চলে যান।