ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের করা আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই আসনের ব্যালট পেপারসহ সংশ্লিষ্ট সব নির্বাচনি সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ঢাকা-১১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বিজয়ী হয়েছেন।
এর আগে বিভিন্ন আসনের নির্বাচনি ফল চ্যালেঞ্জ করে ৩০-এর বেশি প্রার্থী হাইকোর্টে আবেদন করেন। এসব আবেদন শুনানির জন্য গ্রহণ করে সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালট পেপার, ফলাফল শিটসহ প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আদালত।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনে অনিয়ম বা কারচুপির অভিযোগের বিষয়ে শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ বর্তমানে এসব নির্বাচনি আবেদনের শুনানি করছেন।
হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় উল্লেখ রয়েছে, এই বেঞ্চে অন্যান্য দেওয়ানি এখতিয়ারের পাশাপাশি ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ, যা ২০০১ সালের সংশোধনীর মাধ্যমে সংশোধিত হয়েছে, তার অধীনে দাখিল করা নির্বাচনি আবেদন, সংশ্লিষ্ট রুল ও অন্যান্য আবেদন গ্রহণ ও শুনানি করা হবে।