Tuesday 10 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে চোরাবালিতে তলিয়ে ২ কিশোরীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৬ ১০:৫৫ | আপডেট: ১০ মার্চ ২০২৬ ১১:৪৭

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীর চোরাবালিতে তলিয়ে দুই কিশোরীর মৃত্যু হয়েছে। এ সময় সঙ্গে থাকা আরও দুই কিশোরী সাঁতরে তীরে উঠে প্রাণে বেঁচে যায়। আকস্মিক এ ঘটনায় নদীতীরবর্তী দুটি পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

সোমবার (৯ মার্চ) বিকেল তিনটার দিকে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হালকাকারা মৌলভীর চর গ্রামসংলগ্ন বেড়িবাঁধের পাশে মাতামুহুরী নদীতে এ ঘটনা ঘটে।

মৃত কিশোরীরা হলো- মৌলভীর চর গ্রামের জামাল উদ্দিনের মেয়ে মায়মুনা আক্তার (১৩) এবং আবদুর রহিমের মেয়ে ইফসা মণি (১১)।

চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম বলেন, সোমবার বিকেলে স্থানীয় সমবয়সী কয়েকজন কিশোরী একসঙ্গে মাতামুহুরী নদীতে গোসল করতে যায়। এ সময় মৌলভীর চর এলাকায় নদীর ঘাট থেকে একটু সামনে যেতেই তারা হঠাৎ নদীগর্ভে তলিয়ে যায়। এর মধ্যে দুই কিশোরী সাঁতরে তীরে উঠতে পারলেও মায়মুনা ও ইফসা নিখোঁজ হয়ে যায়।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি বলেন, দুই কিশোরী তলিয়ে যাওয়ার খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। নদীতে নামার পর তিনি বুঝতে পারেন, সেখানে গভীর গর্তের মধ্যে চোরাবালির সৃষ্টি হয়েছে এবং ওই স্থানেই দুই কিশোরী তলিয়ে আছে। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেছেন, গত এক মাসের বেশি সময় ধরে রাজনৈতিকভাবে প্রভাবশালী একটি চক্র চকরিয়া পৌরসভার হালকাকারা মৌলভীর চর এলাকায় শক্তিশালী ড্রেজার বসিয়ে মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। তাদের দাবি, ড্রেজার দিয়ে বালু তোলার কারণে নদীতে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। ওই গর্তে চোরাবালির মতো পরিস্থিতি তৈরি হওয়ায় সেখানে তলিয়ে গিয়ে দুই কিশোরীর মৃত্যু হয়েছে।

চকরিয়া থানার অপারেশন অফিসার ফরিদ উদ্দিন বলেন, মাতামুহুরী নদীতে তলিয়ে দুই কিশোরীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

ছবির গল্প ঈদে টুপি বাণিজ্য
১০ মার্চ ২০২৬ ১১:৩৮

আরো

সম্পর্কিত খবর