Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দুপুরের মধ্যে ৩ জেলায় ঝড়ের পূর্বাভাস, ঢাকায় হতে পারে বজ্রবৃষ্টি

সিনয়র করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৬ ০৯:৩৩ | আপডেট: ৯ মার্চ ২০২৬ ১২:০৪

ঢাকা: দেশের বিভিন্ন অঞ্চলে আজ দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। বিশেষ করে চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

সোমবার (৯ মার্চ) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় জানানো হয়, পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিও হতে পারে। সম্ভাব্য এই ঝড়ো আবহাওয়ার কারণে চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে আলাদা পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বজ্রসহ বৃষ্টি হতে পারে। সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়, বাতাস দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে এবং অস্থায়ীভাবে তা ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আকার ধারণ করতে পারে।

আবহাওয়া অফিস জানায়, সোমবার (৯ মার্চ) সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল প্রায় ৮৫ শতাংশ। রোববার (৮ মার্চ) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের প্রায় সব বিভাগেই দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আগামী কয়েক দিন দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও আভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, মৌসুমি পরিবর্তনের এই সময়টিতে স্থানীয়ভাবে কালবৈশাখী ধরনের ঝড় ও বজ্রবৃষ্টি দেখা দেওয়ার প্রবণতা বাড়ে। তাই বিশেষ করে নদীপথে চলাচলকারী নৌযান ও সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর