ঢাকা: দেশের ১৪টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের পর থেকে মধ্যরাতের মধ্যে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
পূর্বাভাসে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
তিনি আরও বলেন, ‘ঝড়ো হাওয়ার পাশাপাশি এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৈরী আবহাওয়ার কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নদীপথে চলাচলকারী সব ধরনের নৌযানকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।’