Saturday 07 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারীদের মূল্যায়ন করুন, দেশের উন্নয়ন হবে: আফরোজা আব্বাস

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২৬ ১৩:০৩ | আপডেট: ৭ মার্চ ২০২৬ ১৩:০৬

জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

ঢাকা: জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, নারীদের মূল্যায়ন করুন, দেশের উন্নয়ন হবে। দেশের জনগণ শান্তিতে বসবাস করতে পারবে। নারীদের সম্মান করুন, আমরা এগিয়ে যেতে পারব।

শনিবার (৭ মার্চ) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত র‌্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি বলেন, আজকে নারী দিবসের মূল প্রতিপাদ্য, নারীর অধিকার ও সমতা, রাজনৈতিক ভারসাম্যের সমতা এবং উন্নয়নের নিশ্চয়তা। আজকে ২০২৬ এ এটা শুধু একটি স্লোগান নয়, এটি একটি কঠিন বার্তা। আজকের এই দিনটিকে সামনে রেখে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমানকে। যিনি অনুধাবন করেছিলেন এ দেশের জনসংখ্যার অর্ধেক নারী। সেই নারীদের অবহেলিত রেখে দেশের উন্নয়ন কখনো সম্ভব নয়। তিনি প্রত্যেকটি নারীর মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সেকটরে নারীদের পদায়ন করেছিলেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আজকে বাংলাদেশের যে মূল চালিকা শক্তি গার্মেন্ট শিল্প নারীদের দ্বারা পরিচালিত হয়। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা আপোসহীন নেত্রী, যিনি নারীর ক্ষমতায়নের জন্য কাজ করেছেন। আবার তিনিই সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ফ্যামিলী কার্ড প্রবর্তন করেছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি।

উপস্থিত নারী নেত্রীদের উদ্দেশে আফরোজা আব্বাস বলেন, আপনারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ছিলেন। নির্যাতন নিপিড়নের শিকার হয়েছেন। আশা করি আমাদের দলের চেয়ারম্যান, প্রধানমন্ত্রী আপনাদের সবাইকে মূল্যায়ন করবেন।

তিনি আরও বলেন, আমরা নারীরা ১৮ বছর যুদ্ধ করেছি। এখন যখন দেখি আমাদের প্রয়োজন ফুড়িয়ে গেছে। তখন অনেক কষ্ট লাগে। রাষ্ট্রের প্রয়োজনে দেশের প্রয়োজনে নারীরা যখন ঝুঁকি নিয়ে রাস্তায় নেমেছিল। এখন একটা জায়গায় আমরা এসেছি। এখন যদি আমাদের মূল্যায়ন না করা হয় তাহলে কষ্ট থেকেই যায়। আশা করি সবাই মূল্যায়ন পাবে।

জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সভাপতি নুরী আরা সাফার সভাপতিত্বে ও মহিলা দলের বর্তমান সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন, মহিলা দলের সহসভাপতি সাবেক এমপি নিলোফার চৌধুরী মনি, নিয়াজ হালিমা আর্লি, জাহান পান্না, সিনিয়র যুগ্ম-সম্পাদক সাবেক এমপি হেলেন জেরিন খান, যুগ্ম-সাধারণ সম্পাদক সাহানা আকতার সানু, দফতর সম্পাদক শাহীনুর নার্গিস, আন্তর্জাতিক সম্পাদক মমতাজ আলম, মহানগর উত্তরের সভাপতি রুনা লায়লা, দক্ষিণের সভাপতি রুমা আক্তার প্রমুখ।

পরে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি নয়াপল্টন থেকে নাইটিংগেল মোড়, কাকরাইল মোড় হয়ে পুনরায় বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

সারাবাংলা/এমএমএইচ/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর