Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সংসদের ‘মন্দ সংস্কৃতি’ থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: সালাহউদ্দিন

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২৬ ১৪:৪৪ | আপডেট: ৭ মার্চ ২০২৬ ১৬:২৯

স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

ঢাকা: বিএনপি সংসদীয় কার্যক্রমে অতীতের সব নেতিবাচক চর্চা ও ‘মন্দ সংস্কৃতি’ পরিহার করে একটি আদর্শ গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে চায় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (৭ মার্চ) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা সংসদের সেই পুরনো খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই। সংবিধান, কার্যপ্রণালী বিধি (রুলস অব প্রসিডিউর), সংসদীয় প্রথা ও রীতিনীতি নিয়ে সংসদ সদস্যদের বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে। বিশ্বের শক্তিশালী গণতন্ত্রের দেশগুলোতে সংসদীয় চর্চা কেমন হয়, সে বিষয়েও আমরা আলোচনা করেছি।”

বিজ্ঞাপন

ভবিষ্যৎ সংসদ নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “আশা করি আসন্ন সংসদ অধিবেশন দেখে জাতি আশ্বস্ত হবে এবং বলবে, এমন একটি সংসদই তারা দেখতে চেয়েছিলেন। অতীতে সংসদে যেসব নেতিবাচক দৃষ্টান্ত তৈরি হয়েছে, সেগুলো আমরা মানুষের মন থেকে মুছে দিতে চাই।”

নবনির্বাচিত ও তরুণ সংসদ সদস্যদের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “একজন শিশু যেমন জন্মের পর সতেজ সংস্কৃতি শেখে, ঠিক একইভাবে নবীন সংসদ সদস্যদেরও আমরা প্রস্তুত করছি। তাদের মধ্যে যেহেতু আগের কোনো খারাপ অভ্যাস নেই, তাই তারা সঠিক শিক্ষাটিই গ্রহণ করবেন। জনগণের প্রত্যাশা পূরণে তারা যেন দক্ষ হয়ে ওঠেন, এটাই আমাদের লক্ষ্য।”

উল্লেখ্য, আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে এই বিশেষ প্রশিক্ষণের আয়োজন করেছে বিএনপি। কর্মশালায় সাবেক অভিজ্ঞ আমলা, শিক্ষাবিদ এবং সংসদীয় রীতিনীতিতে দক্ষ ব্যক্তিরা নবনির্বাচিত প্রতিনিধি ও হবু মন্ত্রীদের দায়িত্ব এবং মন্ত্রণালয় পরিচালনার কৌশল নিয়ে দিকনির্দেশনা দিচ্ছেন।

আজ সকালের সেশনে ঢাকা, ময়মনসিংহ ও ফরিদপুর অঞ্চলের সংসদ সদস্যরা অংশ নেন এবং বিকেলের সেশনে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর