Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক
৬ মার্চ ২০২৬ ১৫:৫৩ | আপডেট: ৬ মার্চ ২০২৬ ২০:০৪

ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের রাজধানী তেল আবিবজুড়ে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ মার্চ) ভোরে এসব হামলা চালানো হয়।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, তেহরান থেকে তেল আবিবের কেন্দ্রস্থলের লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। অন্যদিকে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা বৃহস্পতিবার (৫ মার্চ) গভীর রাতে ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা চালাচ্ছিল।

এএফপির বরাতে জানা গেছে, তেল আবিবজুড়ে প্রায় একই সময়ে দুই দফা শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। এছাড়া তেল আবিবের উত্তরে ভূমধ্যসাগরীয় উপকূলের শহর নেতানিয়াতেও হামলা চালানো হয়েছে।

বিজ্ঞাপন

হামলার পর ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড আদম (এমডিএ) জানায়, তাদের দল বিভিন্ন স্থানে গিয়ে ক্ষেপণাস্ত্রের আঘাতের খবর তদন্ত করেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, মধ্য ইসরায়েলের কয়েকটি স্থানে পড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের ঘটনাস্থল তারা সামাল দিচ্ছে। এতে কিছু ক্ষয়ক্ষতি হলেও কেউ আহত হয়নি। তেল আবিবের একটি ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত করলে সেখানকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। এছাড়া শহরের আরেকটি আবাসিক এলাকায় প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আগুন লাগলে দমকল বাহিনী তা নেভানোর চেষ্টা চালায়।

এদিকে শুক্রবার ভোরে লেবানন সীমান্তসংলগ্ন কয়েকটি এলাকায় রকেট হামলার সতর্কবার্তা জারি করেছে ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড। পরিস্থিতি নিয়ে দেশজুড়ে উচ্চ সতর্কতা জারি রয়েছে।

হামলাটি এমন সময় ঘটল যখন ইসরায়েল লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার ঘোষণা দিয়েছে। তেহরান-সমর্থিত এই গোষ্ঠী সংঘাতে যুক্ত হওয়ার পর ইসরায়েল প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর