ঢাকা: যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধ ঘিরে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ১৪৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ বলেন, গত ২৮ ফেব্রুয়ারী মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। আর এই কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এখন পর্যন্ত ১৪৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
তিনি বলেন, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ২৩টি, রোববার (১ মার্চ) ৪০টি, সোমবার (২ মার্চ) ৪৬টি এবং মঙ্গলবার (৩ মার্চ) ৩৮টি ফ্লাইট বাতিল করা হয়।
আর আজকের বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কাতারের ৪টি, এমিরেটসের ৪টি, গালফ এয়ারের (বাহরাইন) ৪টি, ফ্লাই দুবাইয়ের ৪টি, কুয়েত এয়ারের ২টি, জাজিরা এয়ারওয়েজের (কুয়েত) ৪টি, এয়ার অ্যারাবিয়ার ১২টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৪টি ফ্লাইট।