Thursday 23 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কৃষি ও ফ্যামিলি কার্ড মার্চ থেকেই চালু হবে: প্রতিমন্ত্রী মিল্লাত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪৯ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১৪

জামালপুর: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড মার্চ মাস থেকেই চালু হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিগত সময়ে ঠাকুরগাঁও, নীলফামারী ও বগুড়া বিমানবন্দর বন্ধ করা হয়েছে। এগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে। বাংলাদেশ বিমানের লোকসান কেন হয় সেটা আমরা খতিয়ে দেখছি। মাননীয় প্রধানমন্ত্রী বিমান ভাড়া কমানোর নির্দেশ দিয়েছেন। আমরা দেখছি বিমান ভাড়া কমিয়েও লাভ করা সম্ভব।

বিজ্ঞাপন

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘বিগত সময়ে ঠাকুরগাঁও, নীলফামারী ও বগুড়া বিমানবন্দর বন্ধ করা হয়েছে। এগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে। নতুন কোনো বিমানবন্দর করার উদ্যোগ নিলে এবং আমি এই মন্ত্রণালয়ের থাকলে তা ময়মনসিংহ বিভাগে করার চেষ্টা থাকবে।’

তিনি বলেন, প্রত্যেকটি জায়গা ভঙ্গুর, প্রতিটি জায়গা নষ্ট হয়ে গেছে, প্রতিটি জায়গা দুর্নীতিতে ছেয়ে গেছে। এতদিনের জঞ্জাল, এত সমস্যা দূর করতে কিছু সময় লাগবে, এজন্য আমাদের অনেক বেশি কাজ করতে হবে।’

রশিদুজ্জামান মিল্লাত বলেন, পুরনো সব ভুলে যেতে হবে। আমর যে নতুন অধ্যায়ে পা দিয়েছি, এটা মনে রাখতে হবে। আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি, যেখানে আর ফ্যাসিবাদের উত্থান হবে না। এরই মধ্যেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের ঘোষণা দেওয়া হয়েছে। দেশে বিনিয়োগ অনেক কম। বিনিয়োগ বাড়াতে সরকারের কমিটি করা হয়েছে। শিগগিরই পরিবর্তন দেখতে পারবেন রোজার পর থেকে। জামালপুরের সব শিল্প প্রতিষ্ঠান চালু রাখার পাশাপাশি নতুন শিল্পকারখানা তৈরি করা হবে।

লাউচাপড়া পিকনিক স্পটকে উন্নত করা হবে জানিয়ে তিনি বলেন, জামালপুরের সবচেয়ে বড় সমস্যা নদী ভাঙন রোধ আমার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। নিহত সাংবাদিক নাদিম হত্যার বিচার যেন ত্বরান্বিত হয় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে এবং আর কোনো সাংবাদিককে এভাবে মৃত্যুবরণ করতে দেয়া হবে না , সেটা আপনাদের কথা দিতে পারি।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা প্রশাসক ইউসুপ আলী, পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকসহ অন্যান্যরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর