Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে তরুণকে কুপিয়ে ও গলা কেটে খুন

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৫ ১৬:৫৮ | আপডেট: ৩ নভেম্বর ২০২৫ ১৮:০১

নিহত মো. হাসিব

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে এক তরুণকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, স্ত্রীর কাছ থেকে তালাকের নোটিশ পেয়ে ক্ষুব্ধ হয়ে দেশে ফিরে এক প্রবাসী তার স্ত্রীর সদ্য বিয়ে করা ওই তরুণকে খুন করেছেন।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে আনুমানিক দেড়টার দিকে নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

নিহত মো. হাসিব (২৬) নগরীর পাঁচলাইশ থানার জাঙ্গালপাড়া এলাকার বাসিন্দা। তিনি আগে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করলেও গত দু’মাস ধরে বেকার ছিলেন বলে পুলিশ জানায়।

পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান সারাবাংলাকে বলেন, ‘প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, একই এলাকায় প্রতিবেশি এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাসিবের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মাসখানেক আগে ওই নারী হাসিবের সঙ্গে পালিয়ে যান। তারা এলাকা ছেড়ে অন্য কোথাও বসবাস করতে শুরু করেন। এর মধ্যে ওই নারী তার স্বামীকে বিদেশে তালাকনামা পাঠান। সেটা পেয়ে ক্ষুব্ধ হয়ে ওই প্রবাসী গত সপ্তাহে দেশে ফিরে আসেন।’

বিজ্ঞাপন

‘এর মধ্যে হাসিব ও তার সদ্য বিয়ে করা স্ত্রীও নিজেদের বাসায় ফেরত আসেন। কয়েকদিন ধরে বিভিন্নভাবে ওই প্রবাসী তার স্ত্রীকে ফিরিয়ে আনার চেষ্টা করে ব্যর্থ হন। হাসিবকেও নানাভাবে বোঝানোর চেষ্টা করেন। আজ দুপুরে প্রবাসী ব্যক্তি হাসিবের বাসায় গিয়ে তাকে ডেকে স্থানীয় সঙ্গীত আবাসিক এলাকার ভেতরে নিয়ে যান। সেখানে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত ও গলা কেটে খুন করে মরদেহ ফেলে পালিয়ে যায়।’

ওসি আরও জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনায় জড়িত প্রবাসী ব্যক্তিকে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

তবে আসামি গ্রেফতার ও মামলার তদন্তের স্বার্থে প্রবাসী ব্যক্তির নাম-পরিচয় জানাতে রাজি হননি ওসি মোহাম্মদ সোলাইমান।

সারাবাংলা/আরডি/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর