ঢাকা: বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে ডাকা নীতিনির্ধারণী এই বৈঠকেই রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থীর নাম চূড়ান্ত অনুমোদন পাবে।
দলীয় সূত্রে জানা গেছে, নীতিনির্ধারণী পর্যায়ের সিদ্ধান্ত শেষে দলের পক্ষ থেকে নির্ধারিত সময়েই নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের সময়সূচি অনুযায়ী আগামী ১৩ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ফলে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পরই শেষ দিনে প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র দাখিল করবেন দলের প্রতিনিধিরা। নীতিনির্ধারণী স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।
এদিকে রাষ্ট্রপতি পদে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম প্রবলভাবে আলোচনায় এসেছে। দলের উচ্চপর্যায়ের নীতিনির্ধারকদের তথ্যানুযায়ী, প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান তারেক রহমান এরই মধ্যে এই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। ফলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেন্দ্র করেই নির্বাচনসংক্রান্ত সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করছে বিএনপি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলে একই সাথে তিনটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও সাংগঠনিক পদ খালি হবে। পদগুলো হচ্ছে বিএনপির মহাসচিব পদ, স্থানীয় সরকারবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এবং ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্যের পদ।
ফলে জাতীয় রাজনীতি এবং দলীয় অভ্যন্তরীণ সংগঠনে নতুন নেতৃত্ব এবং তার উত্তরসূরি কে হচ্ছেন, তা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। সব মিলিয়ে বৃহস্পতিবারের বৈঠকের দিকেই এখন দৃষ্টি রাখছে সচেতন রাজনৈতিক মহল।