Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সভাপতি তারিক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৬ ২০:৫৪

গ্রেফতার হওয়া আওয়ামী লীগ নেতা।

পঞ্চগড়: দিনাজপুর থেকে বাসযোগে ঢাকা যাবার সময় কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের পঞ্চগড় পৌর শাখার সভাপতি ও পঞ্চগড় সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কাজী আল তারিককে (৪৪) গ্রেফতার করেছে পঞ্চগড় জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

শুক্রবার (৭ আগস্ট) রাত ২টার দিকে দিনাজপুর জেলার বিরামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে সদর থানায় নিয়ে আসে পুলিশ। শুক্রবার বিকেলে পঞ্চগড়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এএসএম সাজ্জাদ হোসেন তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

গ্রেফতার হওয়া কাজী আল তারিক পঞ্চগড় পৌরসভার রামেরডাঙ্গা এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও সন্ত্রাস বিরোধী আইনে মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার বিকেলে পঞ্চগড় জেলা পুলিশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৭টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের গোয়েন্দা শাখা জানতে পারে যে, মামলার এজাহারভুক্ত এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি কাজী আল তারিক ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ এলাকা থেকে বাসযোগে দিনাজপুর জেলার বিরামপুর এলাকা হয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। পরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল দিনাজপুর জেলার বিরামপুর বাস টার্মিনাল এলাকায়, বিরামপুর থানা পুলিশের হাইওয়ে পেট্রোল টিমের সহযোগিতায় ‘আহাদ’ নামের ঢাকাগামী একটি চলন্ত বাস থামিয়ে তল্লাশি চালায়। রাত ২টার দিকে ওই বাস থেকে কাজী আল তারিককে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত কাজী আল তারিককে শুক্রবার বিকেলে আদালতে হাজির করে পঞ্চগড় সদর থানা পুলিশ। শুক্রবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা কাজী আল তারিককে গ্রেফতার ও জেলহাজতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর