Wednesday 05 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এমপি গোলাম রসুলের বাসায় হামলার ঘটনায় জামায়াতের নিন্দা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৬ ২০:২১ | আপডেট: ২৮ জুলাই ২০২৬ ২২:২৩

বাংলাদেশ জামায়াতে ইসলামী

ঢাকা: যশোর-৪ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা জামায়াতের আমির গোলাম রসুলের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (২৮ জুলাই) দেওয়া এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

গোলাম পরওয়ার দাবি করেন, বিএনপির নেতাকর্মীদের মদদে বেলা ১১টার দিকে যশোর শহরের নীলগঞ্জ এলাকায় গোলাম রসুলের বাসায় পরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালিয়েছে। হামলায় জড়িতদের অবিলম্বে শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

তিনি বলেন, ‘একজন সংসদ সদস্যের বাসায় এ ধরনের হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে।’ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি ও উসকানিদাতাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘সংসদ সদস্য গোলাম রসুলের এক মেয়ে মানসিকভাবে অসুস্থ এবং তিনি দেশে ও ভারতের হায়দরাবাদে চিকিৎসা নিচ্ছেন।’ তার আচরণকে কেন্দ্র করে যে ঘটনার সৃষ্টি হয়েছে, সেটি ইতোমধ্যে মীমাংসিত ছিল বলে দাবি করেন তিনি। একই সঙ্গে বিষয়টির ব্যাখ্যা দেওয়ার পরও ‘মব’ উসকে দেওয়ার চেষ্টা হয়েছে বলেও অভিযোগ করেন জামায়াত সেক্রেটারি।

গোলাম পরওয়ার বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী আইনশৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল।’ দুর্বৃত্তায়ন বা ‘মব’ সৃষ্টি করে দলকে বিতর্কিত করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে টার্গেটেড অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি ঘটনার সত্যতা যাচাই করে দায়িত্বশীল সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। পাশাপাশি নাগরিকদের বিভ্রান্ত না হওয়ার এবং আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সারাবাংলা/এমএমএইচ/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর