Tuesday 02 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রুমিন ফারহানার বক্তব্যের নিন্দা কওমি ঐক্য পরিষদের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুন ২০২৬ ১৫:৪১ | আপডেট: ২ জুন ২০২৬ ১৫:৪৭

কওমি ঐক্য পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া: ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধের প্রতিবাদে সংসদ সদস্য রুমিন ফারহানা-র দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে কওমি ঐক্য পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া। সংগঠনটির নেতাদের দাবি, তার বক্তব্যে আজান ও পবিত্র কুরআন সম্পর্কে অবমাননাকর মন্তব্য করা হয়েছে, যা মুসলিম জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।

এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (২ জুন) বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন কর্মসূচির ঘোষণা করেছে সংগঠনটি।

সোমবার (১ জুন) রাত ৯টায় শহরের জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার দফতরে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

সভায় বক্তারা বলেন, সম্প্রতি ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধের ঘটনাকে কেন্দ্র করে সরাইল উপজেলার শাহবাজপুরে আয়োজিত এক মানববন্ধনে রুমিন ফারহানা যে বক্তব্য দিয়েছেন, তাতে কোরআন তেলাওয়াত ও আজানকে হারমোনিয়াম, বাদ্যযন্ত্র ও বাউল গানের সঙ্গে একই প্রসঙ্গে উপস্থাপন করা হয়েছে। তাদের দাবি, এ ধরনের উপস্থাপনা ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে।

সভা থেকে কওমি ঐক্য পরিষদের পক্ষ থেকে রুমিন ফারহানার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে তাকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান সংগঠনটির নেতারা। চলচ্চিত্র সংশ্লিষ্ট একটি গোষ্ঠীর পক্ষে অবস্থান নিয়ে এ ধরনের বক্তব্য সাধারণ মুসলমানদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে বলে অভিযোগ করেন তারা।

এসময় সংগঠনটির নেতারা শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, উক্ত বক্তব্যের কারণে জনমনে কোনো ধরনের উত্তেজনা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে তার দায় সংশ্লিষ্টদের বহন করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন জেলা হেফাজতে ইসলামের সেক্রেটারি ও কওমি ঐক্য পরিষদের উপদেষ্টা মাওলানা আলী আযম কাসেমী।

সভায় আরও উপস্থিত ছিলেন মুফতি মারুফ কাসেমী, মুফতি শরিফ উদ্দিন আফতাবী, মাওলানা আব্দুল হাফিজ, মুফতি আব্দুর রাকিব, মাওলানা ইউসুফ ভূঁইয়া, মাওলানা জুনাইদ কাসেমী, মুফতি এরশাদুল্লাহ কাসেমী, মুফতি যুবাইর সাইফুল্লাহ, মাওলানা ইমতিয়াজ আহমদ, মাওলানা সৈয়দ কাসেম, মাওলানা ইফতিখার জামীল, মাওলানা ইকরামুল মারজান এবং কওমি ছাত্র ঐক্য পরিষদের বিভিন্ন নেতাকর্মী।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর