Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে’

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৬ ২০:০৬

বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামী আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবি: সারাবাংলা

বরিশাল: ‎জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, যে গণভোটে ৭০ ভাগ জনগণ রায় দিয়েছে, সেই একই দিনের ভোটে আপনারা সরকার গঠন করছেন। ওই গণভোট না থাকলে এই সরকারও গ্রহণযোগ্য হবে না। গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে। জনগণ গণভোটের রায় মানতে বাধ্য করবে। গণভোটের রায় বাস্তবায়ন না হলে ঢাকায় মহাসমাবেশ করব আমরা।

‎শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন দাবিতে এ বিভাগীয় সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ডা. শফিকুর রহমান বলেন, ‘১৯৯১ সালের পর ক্ষমতায় এসে আপনারা বুঝতে পারেননি কেয়ারটেকার সরকার কী। শেষ পর্যন্ত বুঝেছেন। আমরা বলব, জাতির ক্ষতি করে নয়, এখনই বিষয়টি বুঝুন।’ ‎তিনি বলেন, ‘আমরা রাজপথে থাকতে চাই না। আমরা সবাই মিলে দেশ গড়ার কাজে অংশ নিতে চাই। কিন্তু যেভাবে আমাদের রাজপথের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, রাজপথ উত্তপ্ত হলে তার পরিণতি ভালো হবে না।’

জামায়াত আমির বলেন, ‘বিএনপি সরকারকে বলতে চাই, সংবিধান সংশোধনের নামে কোনো প্রহসন বাংলাদেশের মানুষ মেনে নেবে না।’ ‎তিনি বলেন, ‘ভাঙ্গার পরই ভাঙা রাস্তা। তাও দুই লেনের। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রসৈকত এই সড়কের শেষ মাথায়। সেই সড়কেরও বেহাল দশা। ভোলা আজও বিচ্ছিন্ন দ্বীপ, রেললাইন কবে হবে, এ নিয়ে সরকারের এমপি-মন্ত্রীদের বক্তব্য নেই কেন? এই অঞ্চলের মানুষকে এভাবে বঞ্চিত করা যাবে না।’

‎এর আগে সমাবেশে বক্তব্য দেন এলডিপির সভাপতি কর্নেল (অবসরপ্রাপ্ত) ড. অলি আহমদ, বীর বিক্রম, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইফ নাহিদ ইসলাম,‎ ‎এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ‎জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান। ‎

এছাড়াও বক্তব্য দেন- বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির আবদুল মাজেদ আতহারী, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ, এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. মাহমুদা আলম মিতু, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) সভাপতি অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চান, ঢাকা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জয়নাল আবেদীন, বরিশাল জেলা জামায়াতের আমির অধ্যাপক আবদুল জব্বার এবং বিএম কলেজের সাবেক এজিএস শেখ নেয়ামুল করিম প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জহিরউদ্দিন মুহাম্মদ বাবর, বরিশাল অঞ্চল জামায়াতের টিম সদস্য ফখরুদ্দিন খান রাজী, এনসিপির বরিশাল জেলা আহবায়ক আবু সাঈদ মুসা, সদস্য সচিব আবু সাঈদ ফেরদৌস, মহানগর আহবায়ক মিজানুর রহমান এবং সদস্যসচিব এম আনোয়ার হোসেন।

‎সমাবেশ শুরুর আগে সকাল থেকেই বরিশাল বিভাগের বিভিন্ন জেলা উপজেলার নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে হাজির হন। দুপুরের আগেই সমাবেশস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর