ঢাকা: জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই দেশে ফিরবেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শুক্রবার (১০ জুলাই ) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আন্তর্জাতিক ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প বা উদ্যোগ দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ন্যাশনাল এসএমই অ্যাসোসিয়েশন আয়োজিত এই অনুষ্ঠানে তিনি আরও বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে রায় হয়ে গেছে এবং এখন এই সরকারের উচিত যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা।
বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত শেখ হাসিনার একটি সাক্ষাৎকারে ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা উল্লেখ করে নাহিদ বলেন, আমরা দেখেছি যে ডিসেম্বরে কেউ একজন দেশে ফেরার পরিকল্পনা করছেন। দেশ তো অলরেডি ১৬ বছরের ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে। এখন দেশের মানুষও চায় যে তিনি দেশে ফিরবেন কেবল ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য।
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, তিনি কীভাবে আসবেন, কাদের নিয়ে আসবেন, আত্মসমর্পণ করবেন কি না, এসব সিদ্ধান্ত শেখ হাসিনা নেবেন না। বিষয়টি বাংলাদেশ সরকারকে নির্ধারণ করতে হবে। এ নিয়ে বাংলাদেশ সরকার দিল্লির সঙ্গে কথা বলবে এবং এখানে আর কোনো পক্ষ নেই।
নাহিদ বলেন, সরকার ঠিক করবে তাকে কখন আনা হবে, কীভাবে আনা হবে এবং কীভাবে বিচারের রায় কার্যকর করা হবে। শেখ হাসিনার সিদ্ধান্ত তার ব্যক্তিগত সিদ্ধান্ত নয় এবং দিল্লি থেকে তাকে যতটুকু অনুমতি দেওয়া হয়, সে অনুযায়ী তিনি কথা বলেন। হাসিনা আসবেন কি আসবেন না, কীভাবে আসবেন বা বিচার হবে কিনা, এসব মূলত দিল্লির সঙ্গে ঢাকার কূটনৈতিক ও রাজনৈতিক বোঝাপড়ার ওপর নির্ভর করবে। আওয়ামী লীগ তো এখন কোনো রাজনৈতিক দলই নয় এবং জুলাই গণ-অভ্যুত্থানে যাঁরা অংশগ্রহণ করেছেন, রাজনৈতিকভাবে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য তাঁরা সম্পূর্ণ প্রস্তুত আছেন।
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনীতিকে রক্ষা করার জন্য তারা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছেন জানিয়ে নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা বা আওয়ামী লীগকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার যদি কোনো ধরনের চেষ্টা হয় এবং সরকার যদি সেটাকে প্রশ্রয় দেয়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন সরকারই হবে।
বাংলাদেশের আপামর জনগণ, জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী সব পক্ষ এবং শহীদ ও আহত পরিবারের সদস্যরা সবাই প্রস্তুত আছেন উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে এখন আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় নেওয়ার কথা সরকারও ভাবছে এবং এটিই সঠিক রাস্তা।
শেখ হাসিনার রায় এরইমধ্যে হয়ে গিয়েছে এবং এখন এটি কার্যকর করতে হবে জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনা যদি দেশে ফেরেন, তবে কেবলমাত্র ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য এবং সেটির জন্য দেশের মানুষও প্রস্তুত রয়েছে।
ন্যাশনাল এসএমই অ্যাসোসিয়েশনের এই অনুষ্ঠানে সারা দেশ থেকে আসা বিভিন্ন উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন এবং বক্তব্য দেন।