Wednesday 10 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জুনের মধ্যেই হতে পারে ইনু-হানিফের বিরুদ্ধে মামলার রায়’

স্টাফ করেসপন্ডেট
১০ জুন ২০২৬ ১৯:০০

সংবাদ সম্মেলনে কথা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা পৃথক দু’টি মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের বিরুদ্ধে চলতি জুন মাসের মধ্যেই রায় ঘোষণা হতে পারে বলে আশা প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

বুধবার (১০ জুন) বিকেলে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

চিফ প্রসিকিউটর জানান, ইনু ও হানিফের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোতে প্রসিকিউশন পক্ষ সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন সম্পন্ন করেছে। কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডে তাদের সংশ্লিষ্টতা এবং ঊর্ধ্বতন নেতৃত্বের দায় (সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি) রয়েছে বলে প্রসিকিউশনের দাবি।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন সিদ্ধান্ত ও নির্দেশনা বাস্তবায়নে তারা সহযোগী হিসেবে কাজ করেছেন। একই সঙ্গে আন্দোলন দমনে দলীয় নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা দেন, যার ফলে স্থানীয় নেতাকর্মীরা পুলিশের সহায়তায় কুষ্টিয়ায় হত্যাযজ্ঞ চালায়। ওই ঘটনায় ছয়জন নিহত হন।’

আমিনুল ইসলাম আরও বলেন, ‘মামলাগুলোর বিচারিক কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং জুন মাসের মধ্যেই রায় ঘোষণা করা হবে বলে প্রসিকিউশন আশা করছে। তিনি আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।’

সংবাদ সম্মেলনে প্রসিকিউটর ফারুক আহাম্মদ, সহিদুল ইসলাম সরদার, আবদুস সাত্তার পালোয়ান, শাইখ মাহদীসহ প্রসিকিউশনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর