চট্টগ্রাম: নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাম্প্রতিক ঝটিকা মিছিলের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রদল। সংগঠনটির দাবি, মিছিলে প্রায় এক হাজার নেতাকর্মী অংশ নেন। এ সময় ছাত্রলীগকে ‘গুপ্তলীগ’ আখ্যা দিয়ে তাদের ‘গুপ্ত মিছিল’ প্রতিহতে নগরবাসী ও প্রশাসনের প্রতি আহ্বান জানান নেতারা।
বুধবার (৩ জুন) বিকেল ৩টায় নগরীর জিইসি মোড় থেকে ‘ষড়যন্ত্রকারীদের দিন শেষ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলে চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, খুলশী ও হালিশহর) আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের ছবি সংবলিত ব্যানার বহন করা হয়।
মিছিলে নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মিঠু এবং সদস্য কামরুল হাসান আকাশ। আরিফুর রহমান মিঠু বলেন, ‘ষড়যন্ত্রকারীদের দিন শেষ, সবার আগে বাংলাদেশ- এই স্লোগানকে সামনে রেখেই আজকের কর্মসূচি। প্রধানমন্ত্রী তারেক রহমানের শান্তির বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে এবং দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের অপতৎপরতার বিরুদ্ধে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের নির্দেশনায় এ মিছিলের আয়োজন করা হয়েছে।’
কামরুল হাসান আকাশ বলেন, ‘চট্টগ্রামে মিছিলের নামে যে নৈরাজ্য চালানোর চেষ্টা হচ্ছে, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। গুপ্ত মিছিলের মাধ্যমে তারা যে বার্তা দেওয়ার চেষ্টা করছে, তা শুভ লক্ষণ নয়। দেশের মানুষের ওপর গণহত্যা চালিয়ে জনগণের কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত তাদের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই।’
এ সময় উপস্থিত ছিলেন সিভাসু ছাত্রদলের সদস্য সচিব মো. শাহরিয়ার, নগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফ, পাঁচলাইশ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহীন, মোহাম্মদ ইব্রাহিম, নজরুল ইসলাম নিলয়, মো. জিন্নাহ, মোহাম্মদ রকি, জাহাঙ্গীর আলম হৃদয়, হৃদয় আজাদসহ বিভিন্ন থানা, কলেজ ও ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা।