Friday 22 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ মে ২০২৬ ২২:৩২

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল।

ঢাকা: ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা।

শুক্রবার (২২মে) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে পল্টন মোড়ে এসে জড়ো হন তারা। এসময় হামলায় ছাত্রদল ও যুবদল জড়িত বলে অভিযোগ করে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান এনসিপি নেতারা।

বিক্ষোভ সমাবেশে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ফ্যাসিবাদী কায়দায় অতীতে যেভাবে রাজনৈতিক বা সাংস্কৃতিক কর্মসূচিতে হামলা চালানো হতো, আজও ঠিক একইভাবে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের ওপর হামলা করা হয়েছে। একটি গণতান্ত্রিক দেশে সমালোচনা করার অধিকার প্রতিটি নাগরিকের রয়েছে। সরকার বা কোনো রাজনৈতিক দলের সমালোচনা করলে তাদের গাত্রদাহ হয়, অথচ গণতান্ত্রিক রাষ্ট্রে যে কোনো নাগরিক সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলার এখতিয়ার রাখেন।

বিজ্ঞাপন

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ফেসবুক পোস্ট বা মতপ্রকাশের কারণে নাগরিকদের গ্রেফতার করা হচ্ছে, যা আগের স্বৈরাচারী শাসনামলের স্মৃতি মনে করিয়ে দেয়।

তিনি বলেন, আজ রাতের মধ্যে হামলাকারীদের গ্রেফতার করতে হবে। অন্যথায় এই ঘটনাকে নতুন প্রজন্মের সঙ্গে যুদ্ধ ঘোষণা হিসেবে ধরে নেওয়া হবে। তিনি আরও বলেন, হামলাকারীদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করা না হলে পরবর্তী কর্মসূচি আর নিয়মতান্ত্রিক উপায়ে থাকবে না।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে ঝিনাইদহের পুরাতন কালেক্টরেট মসজিদে জুমার নামাজ শেষে বের হওয়ার সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এতে এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এ ঘটনার পর থেকেই ঝিনাইদহ ও ঢাকা উভয় স্থানেই উত্তেজনা বিরাজ করছে। প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই সংক্ষিপ্ত সমাবেশে দলের যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, আরিফুল ইসলাম আদীব ও যুগ্ম সদস্য সচিব শাহরিন ইরাসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর