ঢাকা: জাতীয় সংসদ অধিবেশনে সম্পূরক বক্তব্যে এমপি হাসনাত আব্দুল্লাহ সংসদ সদস্যদের জন্য গাড়ির দাবি জানিয়েছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) সংসদের তিনি বলেন, ইউএনও বা উপজেলা চেয়ারম্যানের গাড়ি থাকলেও এমপিদের অনেক সময় ভাড়া করা গাড়িতে চলতে হয়, যা লজ্জার। এসময় তার বক্তব্যের পক্ষে সরকারি ও বিরোধীদলীয় সংসদ সদস্যরা টেবিল চাপরিয়ে সমর্থন জানান।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদ সদস্যদের ত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, প্রধানমন্ত্রী সংসদ নেতা নির্বাচিত হওয়ার পর অনুশাসন দিয়েছেন যে, এই নতুন পার্লামেন্টের কোনো সদস্য ট্যাক্স-ফ্রি (শুল্কমুক্ত) গাড়ি নেবেন না। জনপ্রত্যাশা অনুযায়ী আমরা আলাদা কোনো বিশেষ সুবিধা নেব না।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, অর্থনৈতিক সংকট মোকাবিলায় ইতিমধ্যে সরকারি কর্মকর্তাদের তেলের বরাদ্দ ৩০ শতাংশ কমানো হয়েছে এবং লোন সুবিধাও আপাতত সীমিত করা হয়েছে। তবে সংসদ সদস্যদের যানবাহনের বিষয়টি আলাদাভাবে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেন তিনি।
বিরোধী দলের নেতা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান। তবে গাড়ির দাবির বিষয়ে তিনি বলেন, ছোটদের আবদারে সবসময় ‘না’ বলতে নেই।
অন্যদিকে, সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, শুধু গাড়ি নয়, বর্তমান সংসদের বিরোধী দলীয় সদস্যরা প্লট বা অন্য কোনো বিশেষ সুবিধাও নেবেন না বলে আগেই সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, দেশের প্রতিটি উপজেলা পরিষদ কমপ্লেক্সে সংসদ সদস্যদের (এমপি) জন্য আসবাবপত্র সম্বলিত একটি করে কক্ষ বরাদ্দ থাকবে। তবে আইনগত কারণে কক্ষটির নাম ‘এমপি রুম’ না হয়ে ‘পরিদর্শন কক্ষ’ হিসেবে ব্যবহৃত হবে। মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে এ সংক্রান্ত সরকারি আদেশ (জিও) জারি শুরু হয়েছে। কক্ষ বরাদ্দের জন্য সরকারকে ধন্যবাদ জানান হাসনাত।