ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, বায়তুল মোকাররম থেকে আমাদের দাবি আদায়ে কর্মসূচি শুরু হয়েছে। আমরা চাই না বাংলাদেশে আবার ফ্যাসিবাদ কায়েম হোক। একজন নাগরিকও চায় না। আমাদের অবস্থান স্পষ্ট।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে ঢাকা-১৫ আসনে ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘যে জুলাই আমাদের এই পরিবেশ দিল, যে জুলাই ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি একটি সংসদ নির্বাচন আরেকটি গণভোট দিল। প্রথমটিতে একটি দল যেমনভাবে হোক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পর সরকার গঠন করেছে। তারা বলছে, জনগণ তাদের ৫১ শতাংশ ভোট দিয়েছে। কিন্তু গণভোটে সংবিধানের যেসব আইনের কারণে এতদিন জনগণ অধিকারহারা ছিল, ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, সেই জায়গাগুলো পরিবর্তন করে সংস্কার করার পক্ষে জনগণ রায় দিয়েছে ৬৮ দশমিক ১ শতাংশ মানুষ। সেই গণভোটের গণরায় এরই মধ্যে সরকারি দল অস্বীকার করেছে।’
তিনি বলেন, ‘আপনারা দেখেছেন আপনাদের হয়ে আমি সংসদে দাঁড়িয়েছিলাম। পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে আমি জনগণের হয়ে কথা বলেছি। স্পিকার আমাকে নোটিশ দিতে বলেছিলেন। আমি নোটিশ দিয়েছি। গ্রহণ করে দুই ঘণ্টা আলোচনা হয়েছে। আমরা আশা করেছিলাম, যেভাবে হ্যাঁ ভোট চেয়েছি, জনাব তারেক রহমানও সেভাবে চেয়েছিলেন। বিএনপির পক্ষ থেকে সালাহউদ্দিন আহমেদ গণভোটের প্রস্তাব করেছিলেন। আমরা সমর্থন করেছি। ভোটের দিন পর্যন্ত আমরা এক ছিলাম। ভোটের রেজাল্ট হওয়ার পর তারা বদলে গেছে। যখনই তারা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা যেভাবেই হোক, যে মেকানিজমে হোক লাভ করেন, তার পরই তারা অতীতের সব ওয়াদা ভুলে গেছেন।’
তিনি আরও বলেন, ‘আমরা আশা করেছিলাম, স্পিকার সিদ্ধান্ত দেবেন গণভোটের রায় গ্রহণ করা হলো। তা না বলে তিনি বললেন, এটি এখানে সমাপ্ত করা হলো। এতে জাতি কষ্ট পেয়েছে। আমরা জাতিকে বলেছিলাম, আমরা নির্বাচিত হলে গণভোটে আপনারা যে রায় দেবেন, তা আমরা বাস্তবায়ন করব। যেহেতু সংসদে আমাদের দাবি গ্রাহ্য হয়নি, সেহেতু আবার জনগণের দাবির কথা নিয়ে জনগণের সঙ্গে একাত্ম হয়েছি। আজকে থেকে আন্দোলন শুরু করেছি।’
মিরপুর পূর্ব থানা আমির শাহ আলম তুহিনের সভাপতিত্বে এবং দক্ষিণ পীরের বাগ কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র সহ-সভাপতি মো. ইউসুফ আলীর পরিচালনায় পীরেরবাগবাসীর পক্ষ থেকে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন, উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, দক্ষিণ পীরেরবাগ রাহাতুন্নেসা জামে মসজিদের সভাপতি শরিফ আব্দুর রাজ্জাক, বিশিষ্ট সমাজসেবক ও চন্দ্রিমা সুপার মার্কেটের সাবেক সেক্রেটারি হাফেজ ইউনুচ খান, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল্লাহ আল আমান প্রমুখ।