Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-৯ আসনকে উন্নত করার দায়িত্ব নেবে বিএনপি: হাবিব

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২৬ ২৩:৫৫ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৮

ঢাকা: ঢাকা-৯ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, এই আসন একটি নাগরিক সুবিধা বঞ্চিত এলাকা। শিক্ষাসহ স্বাস্থ্যসেবা, রাস্তা ও অন্যান্য অবকাঠামোগত সুযোগের ঘাটতি রয়েছে। এই এলাকার মানুষের পাশে দাঁড়াতে ড্যাপের চিকিৎসকরা মানবিক কাজ করে যাচ্ছেন, এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সবসময় তাদের কার্যক্রম দেখভাল করেন। এই আসনকে উন্নত করার দায়িত্ব নেবে বিএনপি।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর খিলগাঁও থানার ৭৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হাবিব বলেন, ‘মুগদা হাসপাতাল এলাকার মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্র। তবে সরকারি পরিবর্তনের পর এটি কার্যকরভাবে ব্যবহার করা হয়নি। আমাদের এলাকার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করলে আরও দুই-তিনটি হাসপাতাল স্থাপন সম্ভব হতো। কিন্তু গত ১৫ বছরে সরকারের কার্যকর ভূমিকা দেখা যায়নি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আজকের ডাক্তাররা, যারা আমাদের সঙ্গে সম্পর্কযুক্ত, তারা আগামীতেও এই এলাকার মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত। তারা এখানে সেবা দিতে চান, এবং আমাদের সুযোগ দিলে আরও কার্যক্রম বৃদ্ধি করা সম্ভব।’

হাবিবুর রশিদ হাবিব বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্বপ্ন অনুযায়ী আগামী দিনে ঢাকা-৯ একটি উন্নত এলাকা হিসেবে গড়ে তোলা হবে।’

তিনি জানান, এই এলাকার মানুষ যাতে শিক্ষার সুযোগ পায়, চিকিৎসা সুবিধা পায় এবং রাস্তা ও অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত হয়, সেই লক্ষ্য নিয়ে তারা কাজ করবেন।

সবশেষে উপস্থিত চিকিৎসক ও নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হাবিব বলেন, ‘আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনগণ, সবার আগে বাংলাদেশ। ভোট দিলে ধানের শীষে দেশ গড়ব। তরুণদের প্রথম ভোট গুরুত্বপূর্ণ, সেই ভোট ধানের শীষে হোক।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর